নদী রক্ষায় একটি ‘কার্যকর’ কমিশনের দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতারা। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানিয়ে বলেন, সঠিক নদীবান্ধব আইন বা নীতি না করে শুধু কমিশন করে কোনো লাভ নেই।রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাপা। জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০১২ বিষয়ে বাপার অভিমত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন। জাতীয় নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক মো. আবদুল মতিন বলেন, ‘পরামর্শদানকারী দুর্বল নদী কমিশন দেখতে চাই না, নির্বাহী ক্ষমতাসম্পন্ন শক্তিশালী নদী রক্ষা কর্তৃপক্ষ হিসেবে দেখতে চাই।’ নদীবিষয়ক সুনির্দিষ্ট আইনের দাবি জানিয়ে আবদুল মতিন বলেন, নদী দখলদার বা দূষণকারী কেউ যেন এই কমিশনের আনুকূল্য না পান, সেটা নিশ্চিত করতে হবে।বাপার সহসভাপতি নজরুল ইসলাম বলেন, সার্বিক পরিবেশ ও মানুষ রক্ষায় নদীবান্ধব নীতি ও কার্যক্রম গ্রহণ করতে হবে।সংগঠনের কেন্দ্রীয় নেতা মহিদুল হক খান, মিহির বিশ্বাস, ইকবাল হাবিব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।