স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত মুহূর্তে বিভিন্ন পরাশক্তি যুদ্ধের গতিপথ নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। ১২ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারকদের নানা প্রচেষ্টার বর্ণনা পাওয়া যায় গ্যারি জে বাসের সাম্প্রতিক প্রকাশিত বই দ্য ব্লাড টেলিগ্রাম: ইন্ডিয়াস সিক্রেট ওয়ার ইন ইস্ট পাকিস্তান-এ। তার অংশবিশেষ এখানে দেওয়া হলো:
১২ ডিসেম্বর ১৯৭১-এর ভোর। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও হেনরি কিসিঞ্জার লম্বা বৈঠকে বসেছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসের উত্তাপ ক্রমেই বাড়ছে। একের পর এক বার্তা যাচ্ছে-আসছে। এত দিন ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বশক্তিগুলো যে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়েছে, তা রূপ নিতে যাচ্ছে সরাসরি লড়াইয়ে। নিক্সন ও কিসিঞ্জার সোভিয়েত ইউনিয়নকে এ বার্তাও পাঠিয়েছিল যে, ভারতকে তারা ওই দিন দুপুরের মধ্যে নিয়ন্ত্রণ করতে না পারলে যুক্তরাষ্ট্র একতরফা আক্রমণ চালাবে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, একদিকে যুক্তরাষ্ট্র ও চীন আর অন্যদিকে ভারত ও রাশিয়া ভয়াবহ যুদ্ধের সামনে দাঁড়িয়ে। এ যুদ্ধ এমনকি পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিতে যাচ্ছিল।
যুক্তরাষ্ট্র বরাবরই চীনকে প্ররোচিত করেছিল, যেন তারা ভারতের উত্তর সীমান্তে সৈন্য সমাবেশ করে। উল্লেখ্য, ভারতের উত্তর সীমান্ত তখন অপেক্ষাকৃত নড়বড়ে। যুক্তরাষ্ট্রের প্ররোচনায় প্রভাবিত হয়ে চীনও ভারতীয় সীমান্তে সৈন্য সমাবেশের আয়োজন করে।
যদিও ভারতীয় কূটনীতিকেরা যুক্তরাষ্ট্রকে বারবার আশ্বস্ত করেছেন যে, ভারত পশ্চিম পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করবে না বা তার কোনো অঞ্চল দখল করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে নিক্সন ও কিসিঞ্জারের আশঙ্কা ছিল, পূর্বাঞ্চলে যুদ্ধজয়ের পর ভারত পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীর দখল করতে এবং পাকিস্তানের পশ্চিম অংশে যুদ্ধ চালিয়ে যেতে পারে।
নিক্সন চেয়েছিলেন, ভারতকে জনসমক্ষে সোভিয়েতসমর্থিত নগ্ন আগ্রাসনকারী হিসেবে আখ্যায়িত করে তীব্র আঘাত হানতে। ভারতের ওপর নিক্সন এতটাই চটে ছিলেন যে, ইন্দিরা গান্ধীকে ‘কুকুরের বাচ্চা’ বলতেও দ্বিধা করেননি। ভারতকে নিক্সন তুলনা করেছিলেন নাৎসি জার্মানির সঙ্গে।
১২ ডিসেম্বরের বৈঠকে কিসিঞ্জার একজন উসকানিদাতার কাজ করেন। তিনি চেয়েছিলেন, প্রেসিডেন্ট নিক্সন যাতে সংকটকে সর্বোচ্চ বিপৎসীমায় নিয়ে যান। যেমন, যুক্তরাষ্ট্র চীনকে ভারতের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল। চীন যদি ভারতকে আক্রমণ করতে যেত, তাহলে ভারত সাহায্য চাইত সোভিয়েতের কাছে। সোভিয়েতরা তাতে সাড়া দিলে যুক্তরাষ্ট্র দাঁড়াত চীনের পক্ষে। তারপর কী হতো, তা ছিল সময়ের গর্ভে। নিক্সন কী করবেন, ঠিক করতে পারছিলেন না। তিনি কিসিঞ্জারকে প্রশ্ন করলেন, ‘হেনরি, তুমি ব্যাপারগুলো আমাকে যেভাবে বোঝাচ্ছ, আসলে তা মনে হয় ঠিক এ রকম নয়। তুমি বলছ আমরা সবকিছু করছি। কিন্তু তুমি ওদের হুমকি দিচ্ছ না কেন। আমাদের উচিত ওদের হুমকি দেওয়া।’ তিনি আরও বলেন, ‘দ্যাখো, হেনরি, আমাদের উচিত ওই জারজদের আতঙ্কিত করে তোলা।’
কিসিঞ্জার চাচ্ছিলেন, নিক্সন তাঁর অবস্থানে দৃঢ় থাকুন। নিক্সনকে তিনি বোঝাচ্ছিলেন ভূরাজনীতি বিষয়ে। তিনি বললেন, ‘পাকিস্তানকে ভারত গিলে ফেললে আর চীন সোভিয়েতদের দ্বারা অপমানিত ও ধ্বংস হয়ে গেলে, তা বিশ্বশক্তির ভারসাম্যে পরিবর্তন আনবে। আর তা যদি হয়ই, তাহলে আমেরিকার নিরাপত্তা চিরদিনের জন্য ক্ষতিগ্রস্ত হবে।’ কিসিঞ্জারের এ কথায় নিক্সন শঙ্কিত হয়ে পড়লেন। তিনি বললেন, ‘এখন আমাদের খেলায় নামার সময় চলে এসেছে।’ যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের পারমাণবিক বিমান বহনকারী জাহাজ ‘এন্টারপ্রাইজ’ ততক্ষণে বঙ্গোপসাগরের দিকে যাত্রা শুরু করে দিয়েছে। কিসিঞ্জার এক বার্তায় ভুট্টোকে জানালেন, মার্কিন রণতরি শিগগিরই মালাক্কা প্রণালি পার হবে।
কিন্তু সোভিয়েত উচ্চপদস্থ এক কূটনৈতিক কর্মকর্তা সব উত্তেজনার অবসান ঘটান। ওভাল অফিসে উত্তেজনাপূর্ণ আলাপ-আলোচনার পর ওই কূটনৈতিক কিসিঞ্জারকে আশ্বস্ত করেন, ভারতকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ভারত পশ্চিম পাকিস্তানে সামরিক অভিযান চালাবে না বা পাকিস্তানের কোনো ভূখণ্ড দখল করবে না। ইন্দিরা গান্ধীর কাছ থেকেও একই বার্তা এলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত হয়।
আজিজুল রাসেল