পরিকল্পনা অনেক, বাস্তবায়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগ চামড়া শিল্পের কারখানা থেকে নির্গত অপরিশোধিত বর্জ সরাসরি পড়ছে বুড়িগঙ্গায়। ছবিটি সম্প্রতি তোলা ষ প্রথম আলো
রাজধানীর হাজারীবাগ চামড়া শিল্পের কারখানা থেকে নির্গত অপরিশোধিত বর্জ সরাসরি পড়ছে বুড়িগঙ্গায়। ছবিটি সম্প্রতি তোলা ষ প্রথম আলো

ঢাকার আশপাশের নদীগুলোতে দূষণের উৎস নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখা না গেলেও কমতি নেই নদী নিয়ে পরিকল্পনা ও প্রতিবেদনের। সম্ভাব্য বিপর্যয় রোধে নদী রক্ষায় যেসব উদ্যোগ আছে, সেগুলোও খাপছাড়া। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দূষণের ধারা চলতে থাকলে আক্রান্ত হবে মেঘনার মতো বড় নদী, অসহনীয় হয়ে উঠবে রাজধানীর নগরজীবন।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত ‘নদীদূষণ প্রতিরোধ কমিটি’র এক প্রতিবেদনে দূষণের জন্য তিনটি বিশেষ শ্রেণীকে চিহ্নিত করা হয়। এগুলো হলো: ব্যক্তি উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান (শিল্পপ্রতিষ্ঠান), সরকারি সংস্থা (ঢাকা ওয়াসা, সিটি করপোরেশন, অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ) এবং সাধারণ জনগণ। বলা হয়, দূষণের ৬০ ভাগই করে শিল্পপ্রতিষ্ঠান। কিন্তু ঢাকা অঞ্চলে কতগুলো শিল্পপ্রতিষ্ঠান আছে, সেই হিসাব চাইতে গেলে পরিবেশ অধিদপ্তর ও শিল্প মন্ত্রণালয় বলেছে, এটা রাখা তাদের দায় নয়।
তবে ২০০৮ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার আশপাশে সাত হাজার শিল্পপ্রতিষ্ঠান আছে বলে উল্লেখ করা হয়। ১৯৯৮ সালের ঢাকা পানিসম্পদ ব্যবস্থাপনা কর্মসূচির প্রতিবেদনে এই অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল দুই হাজার ২০০। বছরে ৪ শতাংশের বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে এই অঞ্চলে। ঢাকা নগর ও আশপাশের নয়টি প্রধান শিল্প এলাকার শিল্পপ্রতিষ্ঠান থেকে প্রতিদিন বের হওয়া ৯০ হাজার ঘনমিটার বর্জ্য পড়ছে পাঁচটি নদীতে। এই গতি যদি অব্যাহত থাকে, তবে আগামী পাঁচ বছর পর এই শিল্পবর্জ্যের পরিমাণ হবে এক লাখ ৩০ হাজার ঘনমিটার।

ঢাকায় পয়োবর্জ্যের পরিমাণ প্রতিদিন ১৩ লাখ ঘনমিটার। এর মধ্যে এক লাখ ২০ হাজার ঘনমিটার পরিশোধনের ক্ষমতাসম্পন্ন ওয়াসার পাগলা পয়োবর্জ্য পরিশোধনাগারটি এখন মাত্র ২৫ হাজার ঘনমিটার পরিশোধন করতে পারে। বাকি পৌনে ১৩ লাখ ঘনমিটার বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নদীতে ফেলা হচ্ছে। ঢাকা মহানগরে জনসংখ্যা বৃদ্ধির হার ৫ শতাংশ। আজ থেকে ১০ বছর পর এই বাড়তি জনসংখ্যার অপরিশোধিত বর্জ্যের পরিমাণ হবে প্রায় ২২ লাখ টন।

ঢাকায় প্রতিদিন চার হাজার ২০০ টন কঠিন বর্জ্য তৈরি হয়। সিটি করপোরেশন এর মধ্যে মাত্র ৪৫ শতাংশ সংগ্রহ করে। বাকিটা উন্মুক্ত জায়গায়, নিম্নাঞ্চলে পড়ে থাকে। শেষ গন্তব্য নদী। বর্জ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওয়েস্ট কনসার্নের হিসাবে, ১০ বছর পর এই বর্জ্যের পরিমাণ হবে সাড়ে আট হাজার টন।

প্রায় অনুচ্চারিত থাকা আরেকটি দূষণের এলাকা হলো ঢাকা সদরঘাট। সদরঘাটের দায়িত্বে থাকা অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, এখান থেকে প্রতিদিন ৪০ হাজার মানুষ চলাচল করে। এসব মানুষের বর্জ্য, ৩০টি নৌযান ধোয়ার পর তেলসহ নানা বর্জ্য পড়ে নদীর পানিতে।

দূষণের সমস্ত উৎস থেকে যে হারে নদীতে বর্জ্য ঢালা হচ্ছে, তাতে ভবিষ্যতের ঢাকার আশপাশের নদীগুলোর চেহারা প্রসঙ্গে পানি বিশেষজ্ঞ, বুয়েটের পূরকৌশল বিভাগের অধ্যাপক মুজিবুর রহমানের কথা, ‘স্থির, বদ্ধ, দূষিত পানির জলাধার। এগুলোকে আর নদী বলার কোনো কারণ থাকবে না।’

দূষণের মূল এলাকাগুলো থেকে নদী ভাটির দিকে যত যেতে থাকে, তত দূষণের মাত্রা কমতে থাকে। কিন্তু বিশেষজ্ঞদের কথা, প্রবাহ কমে যাওয়া এবং নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার জন্য এই ক্ষমতা আর থাকবে না। আবার জৈব বর্জ্য যতটা সহজে পরিশোধন করা যায়, অজৈব দ্রব্য তা করা যায় না।

নদী রক্ষায় একটি বড় পরিকল্পনা হয় ২০০৮ সালে। তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত নদীদূষণ প্রতিরোধ কমিটি (আরপিএমসি) ৫০টি সুপারিশ করেছিল। কমিটি স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে। দুই বছরের মধ্যে সম্পন্ন হবে স্বল্পমেয়াদি এমন পরিকল্পনার প্রথমটি ছিল ‘নদী পরিচ্ছন্ন কর্তৃপক্ষ’ নামের একটি কর্তৃপক্ষ তৈরির। এটি এখনো হয়নি।