পরিকল্পনা কমিশনে কিছু খারাপ মানুষ আছে: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনা কমিশনে কিছু খারাপ মানুষ আছে। তারা কোনো কাজ করে না। অলস। কোনো বিষয়ে জানার আগ্রহ নেই। নিজেরা স্বপ্ন দেখে না, অন্যদেরও দেখায় না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৪৮তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বার্ডের কর্মকর্তা ও কর্মচারীদের স্বপ্ন দেখতে হবে। গ্রামের মানুষকে নিয়ে যৌথ বৈঠক করে পরিকল্পনা করতে হবে। গবেষণা না করে কোনো কাজ করা যাবে না। একই সঙ্গে গবেষণার ফল নিয়ে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। বেলা দেড়টায় কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বার্ডের ড. আখতার হামিদ খান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বার্ডকে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ জন্য গবেষণার টাকা পরিকল্পনা মন্ত্রণালয় দেবে। প্রতিবছর কোরবানিতে কত গরু লাগে, তা নিয়ে গবেষণা করতে হবে। এ জন্য যত টাকা লাগে তা আমি দেব।