মালদ্বীপের মতো ছোট একটি দেশ পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম খাতে অনেক এগিয়ে গেছে। অথচ বাংলাদেশকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হলেও পর্যটন খাত বিকশিত করা যাচ্ছে না। প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশও ইকো-ট্যুরিজম খাতে সাফল্য লাভ করতে পারে।
গতকাল রোববার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু সম্মেলনকক্ষে ইকো-ট্যুরিজম নিয়ে এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ কথা বলেন।
জার্মানভিত্তিক সংস্থা ফ্রেডরিক নিউম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে চট্টগ্রাম চেম্বার।
বৈঠকে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কক্সবাজারে হাজার হাজার পর্যটক যান। অথচ সৈকতের আশপাশে একটা শৌচাগারও নেই। পর্যটনের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর নজরদারির অভাবে এ দেশে পর্যটন খাত বিকশিত হচ্ছে না। প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে ইকো-ট্যুরিজম বিকশিত করার ধারণা সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।
এফবিসিসিআইয়ের সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ইকো-ট্যুরিজম খাতে সাফল্যের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া দরকার। সীতাকুণ্ড ও পতেঙ্গা সমুদ্রসৈকত উন্নয়নের মাধ্যমে বিপুল পরিমাণ পর্যটক আকৃষ্ট করার সুযোগ আছে। পরিবেশবান্ধব পর্যটনকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।
গোলটেবিল বৈঠকে সূচনা বক্তব্য দেন এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পর্যটন খাতের বিশেষজ্ঞ অনুপম হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ,পরিচালক মাহফুজুল হক শাহ, এফএনএফ প্রতিনিধি নাজমুল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন হোসাইন কবির।