পরিকল্পনা-নীতিতে নারীর বিষয় সম্পৃক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট আইলার মতো দুর্যোগে নারীদের দুর্ভোগ বাড়ে। খাদ্য এমনকি সুপেয় পানি সংগ্রহের কাজ তাঁদের করতে হয়। ক্ষতিগ্রস্ত পরিবার উদ্বাস্তু হয়ে শহরে এলে বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয় নারীকেই। তাই সরকারের পরিকল্পনা ও নীতিতে এসব বিষয় সম্পৃক্ত করতে হবে।গতকাল মঙ্গলবার নগরের একটি হোটেলে মার্কিন দূতাবাস আয়োজিত ‘উন্নয়নে নারীর ভূমিকা: জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকে সরকার, এনজিও, দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।বৈঠকে প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, দুর্যোগের পর আশ্রয়কেন্দ্রগুলোতে নারীর গোপনীয়তা বা তাঁর চাহিদার কথা মাথায় রেখে পরিকল্পনা করা হয় না। জলবায়ু পরিবর্তন নারীর ওপর কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়েও চিন্তা করা হয় না।মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, বাংলাদেশের উন্নয়নে নারীর ভূমিকা অনেক। নারীর ভূমিকা না থাকলে তৈরি পোশাকশিল্প দেশের অন্যতম শিল্পে পরিণত হতো না। ক্ষুদ্রঋণের ক্ষেত্রেও নারীর ভূমিকা অস্বীকার করার উপায় নেই। তার পরও এ দেশের অনেক নারীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকিতে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।মরিয়ার্টি বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। এ কাজে নারীদের প্রাধান্য দিয়ে আরও কর্মসূচি চালাতে চায় তাঁর দেশ।বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ও রাজনৈতিক বিভাগের ফার্স্ট সেক্রেটারি হিদার ভারিয়াভা। ইউএস আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) আজহারুল মজুমদার জলবায়ু পরিবর্তন ও নারী এবং স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম নূর-উন নবী বলেন, উন্নয়ন বা জলবায়ুর প্রভাব মোকাবিলায় নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাঁদের কাছে তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে না। ফলে তাঁরা কোনো সিদ্ধান্ত নিতে ও কথা বলতে পারেন না।সাংসদ তারানা হালিম বলেন, ক্ষুদ্রঋণসহ বিভিন্ন ঋণ নেওয়ার সময় নারীর নাম ব্যবহার করা হচ্ছে। কিন্তু টাকাটা চলে যাচ্ছে স্বামীর হাতে। স্বামী তাঁর ব্যবসাসহ বিভিন্ন খাতে এই টাকা ব্যবহার করছেন। ফলে নারীর অবস্থার পরিবর্তন হচ্ছে না।বৈঠকে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকার প্রমুখ।