পরিকল্পনা নেই, শুধুই ভাঙা-গড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌন্দর্যবর্ধনের জন্য সড়ক বিভাজকের গ্রিল সরিয়ে ইটের স্থাপনা তৈরি করা হচ্ছে। ছবিটি রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী এলাকা থেকে গতকাল তোলা । প্রথম আলো
সৌন্দর্যবর্ধনের জন্য সড়ক বিভাজকের গ্রিল সরিয়ে ইটের স্থাপনা তৈরি করা হচ্ছে। ছবিটি রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী এলাকা থেকে গতকাল তোলা । প্রথম আলো

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রাজধানীর একাংশে সৌন্দর্যবর্ধনের নামে চলছে ভাঙা-গড়া। এর অংশ হিসেবে বনানীতে সড়ক বিভাজকের গ্রিল উঠিয়ে ইট-টাইলস দিয়ে স্থাপনা তৈরি করা হচ্ছে। পরিকল্পনাহীন এই কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী।
উন্নয়নকাজের অংশ হিসেবে মিরপুরে সড়ক প্রশস্ত করার জন্য কেটে ফেলা হয়েছে অনেক গাছ। তুলনামূলক ভালো সড়কগুলোতেই আবার কার্পেটিং করা হচ্ছে। অথচ রাজধানীর অনেক সড়ক বছরের পর বছর বেহাল থাকলেও সেগুলোতে উন্নয়নের ছোঁয়া লাগছে না।
আগামী ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। এ জন্য প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রকৌশল এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। ২০১১ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ৫৭ কোটি টাকা খরচ করেছিল। সে সময়ে তৈরি স্থাপনা-গুলো রয়েছে অরক্ষিত ও অযত্নে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজের বিষয়ে অভিযোগ পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ ফেব্রুয়ারি ডিএনসিসির কর্মকর্তাদের ডেকে পাঠান। তিনি ইটের জঞ্জাল দূর করে ঢাকাকে সবুজ নগরে পরিণত করতে কী উদ্যোগ নেওয়া যায়, তা ঠিক করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে। যেসব ভুল কাজ করা হয়েছে, সেগুলোও শোধরানোর চেষ্টা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১৫ কোটি টাকার কাজের মধ্যে সৌন্দর্যবর্ধনে ব্যয় হচ্ছে প্রায় আট কোটি টাকা। সৌন্দর্যবর্ধন ছাড়া বাকি কাজকে আট ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে আছে মিরপুর ১০ নম্বর থেকে তালতলা পর্যন্ত সড়ক ও বিমানবন্দর থেকে শাহবাগ পর্যন্ত সড়ক ও ফুটপাত মেরামত, মাটির নিচে পাইপলাইন বসানো, সড়কে সোডিয়াম বাতি লাগানো। সৌন্দর্যবর্ধনের কাজ করছে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে যাতায়াত নির্বিঘ্ন করতে মিরপুর ১২ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কের বেশির ভাগ স্থানকে ৬০ ফুটের স্থলে ১২০ ফুট প্রশস্ত করা হয়েছে এবং হচ্ছে। এ জন্য ওই সড়কের দুই পাশের প্রচুর গাছ কাটা হয়েছে।
কাকলীতে গিয়ে দেখা গেছে, সড়ক বিভাজকের গ্রিলগুলো তুলে ফেলে চারদিকে ইট দিয়ে তার ওপর টাইলস লাগিয়ে ছোট ছোট স্থাপনা করা হচ্ছে। কাকলীতে থাকা দুটি পদচারী সেতু ব্যবহারে পথচারীদের বাধ্য করতে বিভাজকে ওই গ্রিল লাগানো হয়েছিল। এসব স্থাপনায় মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের ছবিসহ জীবনী লিপিবদ্ধ থাকবে। কয়েকজন শ্রমিক জানান, ইট ও টাইলসগুলো নিম্নমানের, কাজ করার সময়ই বেশ কিছু ভেঙে যাচ্ছে। ঠিকাদারের লোকজনকে বলে ধমক খেতে হয়েছে।
চার কোটি টাকা ব্যয়ে বনানীর চেয়ারম্যানবাড়ী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এই কাজ হচ্ছে। ওই এলাকার এক বাসিন্দা জানান, বিভাজকে স্থাপনা তৈরি করে সৌন্দর্যবর্ধনের নামে সৌন্দর্য হরণ করা হচ্ছে। দেখে মনে হচ্ছে, এ কাজের ব্যাপারে কোনো পরিকল্পনা নেই।
স্থাপত্য ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, সড়ক বিভাজকে এই কাজের জন্য কোনো স্থপতি, পরিকল্পনাবিদ বা শিল্পীকে সংযুক্ত করা হয়নি। এসব স্থাপনায় বিশিষ্টজনদের জীবনী পড়তে হলে পথচারী বা গাড়িচালকদের সড়কের মাঝখানে যেতে হবে। যা করা হচ্ছে তা পাগলামি ছাড়া আর কিছু নয়। কোনো দেশের ব্যস্ত রাস্তাতেই এমন নেই।
ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কুদরত উল্লাহ বলেন, সড়ক বিভাজকের গ্রিল তুলে স্থাপনা তৈরির বিষয়ে তাঁরা (প্রকৌশল বিভাগ) কিছু জানেন না। এটি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজ।
আর ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, নিম্নমানের ইট ও অপ্রয়োজনীয় টাইলসগুলো সরাতে বলা হয়েছে। এর পরিবর্তে সবুজের আবহ বাড়ানোর চেষ্টা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বছর খানেক আগে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘ক্লিন এয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবল (কেইস)’ প্রকল্পের আওতায় পদচারী সেতুসংলগ্ন সড়ক বিভাজকে ১৫৮ মিটার গ্রিল দেওয়া হয়েছিল। ওই প্রকল্পের পরিচালক মা. সেহাবউল্লাহ বলেন, তাঁদের অবহিত না করেই অনেক গ্রিল তুলে ফেলা হয়েছে। এ জন্য বিশ্বব্যাংকের কাছে তাঁদের জবাবদিহি করতে হবে। শিগগির গ্রিল পুনঃস্থাপনের জন্য ডিএনসিসির প্রধান প্রকৌশলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপক বরাবর তিনি চিঠি দিয়েছেন।
বিএএফ শাহীন কলেজ এলাকায়ও সড়ক বিভাজকের গ্রিল তুলে ফেলা হয়েছে।
অরক্ষিত স্থাপনা-জলাধার: ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে তিন কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে সৌন্দর্যবর্ধন স্থাপনা ও জলাধার তৈরি করা হয়েছিল। এগুলোর রক্ষণাবেক্ষণ নেই, আছে অযত্ন। গত শনিবার বিকেলে গিয়ে দেখা যায়, হকি স্টেডিয়ামের দ্বিতীয় প্রবেশপথের পাশের জলাধারের গাঢ় সবুজ পানিতে ভাসছে পলিথিন, ময়লা-আবর্জনা। দেয়াল থেকে ইট খসে পড়েছে, জলাধারটি পরিণত হয়েছে মশার প্রজননক্ষেত্রে। জলাধারের দুই পাশে আবর্জনার স্তূপ, রাখা হয়েছে রিকশাভ্যান, হকারদের ট্রাঙ্ক, বাক্স। সামনের দিকের দেয়ালে করা টেরাকোটা বিবর্ণ। রাজনীতিকদের ছবিসংবলিত পোস্টার ও চলচ্চিত্রের পোস্টারে দেয়াল ছেয়ে গেছে।
হকি স্টেডিয়ামের খেলার সামগ্রীর দোকানি আফজাল হোসেন বলেন, উপলক্ষ এলেই কেবল এগুলো পরিষ্কার করে রঙের প্রলেপ দেওয়া হয়। নিয়মিত পরিচ্ছন্ন করা হয় না।