পরিকল্পনা বাস্তবায়নে রাজউকের সক্ষমতা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কাঠামো পরিকল্পনা (ডিএসপি) বাস্তবায়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন নগর বিশেষজ্ঞ ও পেশাজীবীরা। তাঁরা বলেছেন, এর আগে রাজউক ১৯৯৫ সালে ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) ও ২০১০
সালে বিশদ এলাকা পরিকল্পনা (ড্যাপ) প্রণয়ন করলেও তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে তা বাস্তবায়নের ক্ষেত্রে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়হীনতা, বিশেষজ্ঞ ও পেশাজীবীদের মতামত উপেক্ষা করে নিজেদের
‘অদক্ষ’ জনবল দিয়ে তা বাস্তবায়নের চেষ্টার কারণেই এমনটি ঘটেছে।
গতকাল সোমবার ঢাকার কাঠামো পরিকল্পনা নিয়ে রাজউক মিলনায়তনে আয়োজিত সেমিনারের দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেন নগর বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিবেশ আন্দোলনের কর্মী, ব্যবসায়ী ও আবাসন সংস্থার প্রতিনিধিরা। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা নিয়ে ২০ বছরের (২০১৬-৩৫) জন্য এ পরিকল্পনার খসড়া তৈরি করেছে রাজউক।
সেমিনারের দ্বিতীয় দিনে আলোচনায় অংশ নিয়ে বক্তারা অভিযোগ করে বলেন, এবারের খসড়া পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেও রাজউক কারও মতামতের তোয়াক্কা করেনি। এখানে জনসম্পৃক্ততার কোনো প্রতিফলন নেই। এ অবস্থায় এবারও যদি পরিকল্পনাটি চূড়ান্ত হয়ে যায়, তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে এটার অবস্থা আগেরগুলোর মতোই হবে।
এর আগে রোববার সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার দুজনসহ নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের চারজন মেয়রও বলেন, নতুন কাঠামো পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। অথচ খসড়া পরিকল্পনায় চারটি সিটি করপোরেশন, পাঁচটি পৌরসভা এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার ৭০টি ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারোয়ার জাহান বলেন, ‘রাজউকের পক্ষে পরিকল্পনা তৈরির বেশি কিছু করা সম্ভব না।’
রাজউকের সাবেক নগর পরিকল্পনাবিদ গোলাম হাফিজ বলেন, রাজউকের দুর্বলতা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে দক্ষ জনবল প্রয়োজন, তা তাদের নেই।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, ‘সময় নিয়ে স্তরে স্তরে মতবিনিময়ের মধ্য দিয়ে পরিকল্পনাটি চূড়ান্ত করতে হবে। তার আগে এটি চূড়ান্ত করার চিন্তাও আপনারা (রাজউক কর্তৃপক্ষ) করবেন না।’
বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) সাধারণ সম্পাদক মোস্তফা মহিউদ্দীন বলেন, ‘গণশুনানি শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় এ কাঠামো পরিকল্পনার খসড়া হাজির করা হয়েছে। তাহলে যে শত শত মানুষ এ বিষয়ে মতামত পরামর্শ দিল, তার প্রতিফলন কোথায়?’
একই প্রশ্ন করেন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টেকনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির (টিএমসি) সদস্য অধ্যাপক ইশরাত ইসলাম।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরী ও আবুল কালাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আখতার মাহমুদ প্রমুখ। এর আগে সকালের কারিগরি অধিবেশনে কাঠামো পরিকল্পনার বিষয়ে পাঁচটি নিবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
ঢাকার কাঠামো পরিকল্পনার এ খসড়া তৈরি করেছে রাজউকের পরামর্শক প্রতিষ্ঠান কোরিয়ার সামান করপোরেশন ও হান আ আরবান রিসার্চ ইনস্টিটিউট এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট কনসালট্যান্ট লিমিটেড ও শেল্টেক্ (প্রা.) লিমিটেড।