পরিকল্পনা বাস্তবায়নে তিন সন্ত্রাসী বন্ধুকে ভাড়া করেন ছেলে নিপুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা শহরের চালাপাড়ায় শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যার দায় স্বীকার করেছেন আটক হাদিউল ওমর নিপুণ (২২)। এ ঘটনায় নিহত ফেরদৌসের প্রথম স্ত্রীর সন্তান নিপুণ জানিয়েছেন, সৎমায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি এ হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নে তিন সন্ত্রাসী বন্ধুকে ভাড়া করেন তিনি। গত রোববার রাতে পুলিশ সুপার মো. আবদুর রাজ্জাক এবং গতকাল সোমবার সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদারের কাছে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন নিপুণ। চালাপাড়ায় নিজ বাড়িতে গত শনিবার রাতে খুন হয় ফেরদৌস হোসেন, তাঁর তৃতীয় স্ত্রী রত্না বেগম ও তিন বছরের সন্তান প্রণয়। পরের দিন সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। এ সময় নিপুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।রত্না বেগমের মা মাবিয়া বাদী হয়ে গত রোববার রাতে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মাবিয়া মামলার এজাহারে হত্যাকাণ্ডের জন্য নিপুণকে দায়ী করেছেন। তবে এজাহারে অন্য কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। নিপুণ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, তাঁর বাবা ফেরদৌস হোসেন ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে অডিটর পদে চাকরি করতেন। বাবা ও সৎমায়ের সঙ্গে শহরের ওই বাড়িতে তিন বছর ধরে আছেন তিনি। তবে সৎমা রত্না বেগমের সঙ্গে তাঁর বনিবনা হতো না। এ ছাড়া বাবা ফেরদৌস তিনটি বিয়ে করায় তাঁর প্রতিও তিনি আস্থা হারিয়ে ফেলেন। এতে তাঁর লেখাপড়ায় ক্ষতি হচ্ছিল। জামালপুরের পুলিশ সুপার মো. আবদুর রাজ্জাক বলেন, নিপুণের কাছ থেকে পাওয়া যাবতীয় তথ্য তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে এবং তাঁর তিন বন্ধু তাপস, আলামিন ও শাকিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।