পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরাম সংকটের কারণে গতকাল রোববার পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভা হয়নি। বর্তমান সংসদে এ ধরনের ঘটনা এটাই প্রথম। কমিটির সদস্য ১০ জন, উপস্থিত ছিলেন শুধু কমিটির সভাপতি অলি আহমদ। অলি আহমদ সাংবাদিকদের বলেন, বিষয়টি স্পিকার ও প্রধানমন্ত্রীকে তিনি জানাবেন। গতকাল বেলা ১১টায় সংসদ ভবনে কমিটির এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অলি আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে লিফটের কাছে এসে তিনি জানতে পারেন, অন্য সদস্যরা আসেননি। তিনি বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করে শেষে আমি বৈঠক না করার সিদ্ধান্ত নেই। কারণ তিনটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বসিয়ে রাখাটা অনৈতিক।’গতকালের বৈঠকের আলোচ্য বিষয় ছিল যোগাযোগ, স্বাস্থ্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত বিভিন্ন বিষয়। অলি আহমদ জানান, ২০ দিন আগে এই বৈঠকের নোটিশ দেওয়া হয়েছিল। এরপর গত শনিবার সবাইকে টেলিফোনে স্মরণও করিয়ে দেওয়া হয়েছিল। অথচ বৈঠকে আসতে পারবেন না, এমন কথা কেউই বলেননি। এই কমিটির অন্য সদস্যরা হলেন: পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, মহীউদ্দীন খান আলমগীর, নওয়াব আলী আব্বাস খান, আ হ ম মুস্তফা কামাল, হামিদা বানু শোভা, রেজা আলী, নজরুল ইসলাম, আজিজুল হক চৌধুরী ও আ ন ম শামশুল ইসলাম। এর মধ্যে মহীউদ্দীন খান আলমগীর সরকারি হিসাব এবং মুস্তফা কামাল অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। সূত্র জানায়, মহীউদ্দীন খান আলমগীর ও আ হ ম মুস্তফা কামাল পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে খুব কম অংশ নিয়েছেন।