পরিকল্পনা হয় ব্যাংককে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে বেঙ্কাপি চংচানের লাতপ্রাও এলাকার তিন তারকা মানের হোটেল ‘বেঙ্কাপি রয়েল রোজ হোটেল ব্যাংকক’। এ হোটেলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর শীর্ষস্থানীয় কিছু নেতা নিয়মিত যাতায়াত করেন বলে অভিযোগ আছে। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি থেকে যে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ আটক হয়, তা পরিবহনের পরিকল্পনা এই বেঙ্কাপি রয়েল রোজ হোটেলে বসেই করা হয় বলে জানা গেছে।
প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। ব্যাংকক শহর থেকে কিছুটা দূরে এই বেঙ্কাপি রয়েল রোজ হোটেলের অবস্থান। জায়গাটা কিছুটা নিরিবিলিও।
চট্টগ্রামে আটক অস্ত্রের ব্যাপারে ব্যাপক অনুসন্ধান করেন যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিরক্ষা সাময়িকী জেনস ইন্টেলিজেন্স রিভিউয়ের (জেআইআর) সাংবাদিক অ্যান্থনি ডেভিস। এই সাময়িকীর ২০০৪ সালের ১ আগস্ট সংখ্যায় তাঁর লেখা ‘নিউ ডিটেইলস ইমার্জ অন বাংলাদেশ আর্মস হাউল’ শীর্ষক প্রতিবেদনে এ বৈঠকের বিষয়টির উল্লেখ আছে।
২০০৮ সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ব্যাংককে ডেভিসের সঙ্গে কথা হয় প্রথম আলোর প্রতিবেদকের। ডেভিস বলেন, বিভিন্ন সূত্র তাঁকে নিশ্চিত করেছে, বেঙ্কাপি রয়েল রোজ ব্যাংকক হোটেলটি উলফা ও অস্ত্র চোরাকারবারিদের আস্তানা। তিনি বলেন, ‘এ হোটেলে বৈঠক করে অস্ত্র পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হয় বলে আমি জেনেছি। ওই বৈঠকে যারা ছিল, তাদের সবার ব্যাপারে আমি নিশ্চিত হতে পারিনি। তবে বৈঠকে নাগা বিদ্রোহী নেতা অ্যান্থনি শিমরে যে ছিলেন, সে ব্যাপারে আমি অনেকখানি নিশ্চিত। কারণ, এ চালানের অস্ত্র সংগ্রহের ব্যাপারে মূল ব্যক্তি ছিলেন তিনি (শিমরে)।’
কার জন্য এ অস্ত্র: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য এই বিপুল অস্ত্র আনা হয়। জানা গেছে, উলফার অস্ত্র সংগ্রহের দরকার ছিল মূলত তাদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে। কারণ ২০০৩ সালের ডিসেম্বর ও ২০০৪ সালের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় ভুটান সরকার তাদের ভূখণ্ডে থাকা উলফার ঘাঁটি ধ্বংসে ‘অপারেশন অল ক্লিয়ার’ নামের বড় ধরনের সেনা অভিযান শুরু করে। অভিযানে উলফার ঘাঁটি ধ্বংসের পাশাপাশি তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়। অনেক উলফা সদস্য নিহত হয় বা ধরা পড়ে। এ কারণে উলফা অস্ত্র সংগ্রহে মরিয়া হয়ে ওঠে।
জেনসে এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, উলফার সঙ্গে নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (আইজ্যাক-মুইভা) বা এনএসসিএনের (আইএম) আগে সুসম্পর্ক ছিল না। কিন্তু ভারতের অভিযানে ব্যাপক ক্ষতি হওয়ায় কৌশলগত কারণে এ দুই সংগঠন ঘনিষ্ঠ হয়। নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির মূল অস্ত্র সংগ্রাহক অ্যান্থনি শিমরের সঙ্গে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানিদের ভালো যোগাযোগ আছে।
অনুসন্ধানকালে সংশ্লিষ্ট একাধিক লোকজনের সঙ্গে কথা বলে এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদন থেকে জানা গেছে, এই বিরাট অস্ত্রের চালান পাঠানোর পেছনে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সহায়তা ছিল।
জানা গেছে, ওই বৈঠকে অস্ত্রের চালানটি মিয়ানমারের আকিয়াব বন্দরে কিংবা কক্সবাজার উপকূলে খালাস করে তা মিয়ানমারের চিন প্রদেশের মধ্য দিয়ে ভারতের মিজোরাম রাজ্য হয়ে সে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদের হাতে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দুর্গম পথটি যথেষ্ট নিরাপদ নয় ভেবে শেষ মুহূর্তে এ পরিকল্পনা পরিবর্তন করে অস্ত্রের চালান চট্টগ্রাম উপকূলে পাঠানো হয়। অস্ত্র পাঠানোর গতিপথ শেষ মুহূর্তে পরিবর্তন এক ধরনের কৌশলও হতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন।
(অনুসন্ধানী এই প্রতিবেদনটি ২০০৯ সালের ৫ মার্চ ‘প্রথম আলো’য় প্রকাশিত হয়েছিল। পাঠকদের আগ্রহের কথা বিবেচনা করে কিছু পরিমার্জন করে প্রতিবেদনটি আবার প্রকাশ করা হলো)