পরিকল্পনাকারী গ্রেপ্তার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার ব্যবসায়ী চান মিয়া (৪২) হত্যাকাণ্ডের পর দেড় বছর পেরিয়ে গেলেও পুলিশ হত্যার মূল পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে মামলাটির অভিযোগপত্র দাখিলে দেরি হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া নুরুজ্জামান ও সেলিম হায়দার নামের দুই ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা ইসমাইল হোসেন ও স্বপন ভূঁইয়া নামের দুই ব্যক্তি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা বলে উল্লেখ করেন। পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।
জানা গেছে, জামগড়ার কাঁঠালতলা এলাকার আবুল কালাম আজাদের ছেলে চান মিয়া বাইপাইল এলাকার করিম সুপার মার্কেটের আনজিল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় ঠিকাদারির পাশাপাশি জমি ও হোটেলের ব্যবসা করতেন। ২০১৩ সালের ১৯ জানুয়ারি তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দুই দিন পর ২২ জানুয়ারি রাজধানীর রমনা থানার পুলিশ মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় চান মিয়ার স্ত্রীর বোনের মেয়ের স্বামী শেখ মোহাম্মদ মন্টু বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। মামলায় নুরুল ইসলাম, সেলিম ও মোহাম্মদ আলী নামের তিন ব্যক্তিকে আসামি করা হয়। নুরুল ইসলাম বাইপাইলের করিম সুপার মার্কেটের ব্যবসায়ী। আর সেলিম তাঁর (নুরুল ইসলাম) ভগ্নিপতি। মোহাম্মদ আলী (পঙ্গু) চান মিয়ার প্রতিবেশী।
মামলার নথি ঘেটে দেখা গেছে, চান মিয়া নিখোঁজ হওয়ার এক দিন পর শেখ মোহাম্মদ মণ্টু ২০ জানুয়ারি রমনা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। এদিকে চান মিয়ার বড় ভাই জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শহীদুল ইসলাম ২৪ জানুয়ারি রমনা থানায় আরেকটি লিখিত অভিযোগ করেন, যা সম্পূরক এজাহার হিসেবে গণ্য করা হয়।
শহীদুল ইসলাম ওই অভিযোগে উল্লেখ করেন, চান মিয়া নিখোঁজ হওয়ার এক দিন পর ২০ জানুয়ারি তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানা তা গ্রহণ করেনি। পরে মন্টুর স্ত্রী অ্যানি বেগম তাঁদের মামলা না করার পরামর্শ দেন এবং তাঁর ভাইকে (চান মিয়া) উদ্ধারের জন্য মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা জোগাড়ের তাগিদ দেন। আর এই সুযোগে অ্যানির স্বামী মন্টু রমনা থানায় মামলা করেন।
শহীদুল ইসলাম বলেন, প্রকৃত ঘটনা আড়াল করতেই তাঁকে কৌশলে মামলা করা থেকে বিরত রাখা হয়। পাশাপাশি তড়িঘড়ি করে নিরীহ লোকদের আসামি করে মামলা করেন মন্টু।
শেখ মোহাম্মদ মন্টু বলেন, ‘প্রথমে সন্দেহজনকভাবে তিনজনকে আসামি করা হয়েছিল। এখন তদন্তে যাঁদের নাম আসবে, তাঁরাই আসামি হবেন।’ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই দীপক কুমার দাস বলেন, এজাহারভুক্ত আসামি নুরুল ইসলাম, সেলিম ও মোহাম্মদ আলীর বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রযুক্তির সাহায্য নিয়ে নুরুজ্জামান ও সেলিম হায়দার নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। ওই জবানবন্দিতে তাঁরা আশুলিয়ার ইসমাইল হোসেন ও স্বপন ভূঁইয়া নামের দুই ব্যক্তিকে হত্যার পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই দুজনকে গ্রেপ্তার করতে পারলেই অভিযোগপত্র দেওয়া হবে।