আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেনেড হামলার পরিকল্পনাকারী, গ্রেনেডের উৎস ও মদদদাতা খুঁজে বের করতে গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এ আদেশ দেন।এর আগে দাখিল করা মামলার সম্পূরক অভিযোগপত্রের ওপর কিবরিয়া পরিবারের নারাজির শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।আদালত সূত্র জানায়, গত ২০ জুন হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর কিবরিয়ার পরিবার তা প্রত্যাখ্যান করে। হবিগঞ্জ আদালতে গত ২৮ জুন কিবরিয়া পরিবারের পক্ষে আসমা কিবরিয়ার নারাজি দরখাস্ত হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর ভূঞা সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে দাখিল করেন।গত ২৫ অক্টোবর ধার্য করা তারিখে আদালতে নারাজি দরখাস্ত গ্রহণপূর্বক শুনানি হয়। আদালত শুনানি শেষে আদেশের জন্য গতকাল তারিখ ধার্য করেছিলেন।আদালত সূত্র জানায়, গতকাল শুনানির শুরুতে আদালত কিবরিয়া পরিবারের নারাজি মঞ্জুর করেন। আদালতের এ-সংক্রান্ত আদেশ দেওয়ার পর্যালোচনায় বলা হয়, সিআইডির দাখিল করা সম্পূরক অভিযোগপত্রে বিগত চারদলীয় জোট সরকারের আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু ঘটনার অন্তরালে বিগত সরকারের আমলের আরও শীর্ষস্থানীয় ও প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে অধিকতর তদন্ত প্রয়োজন। আদালতে দাখিল করা অভিযোগপত্রের ওপর নারাজি মঞ্জুর করে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।আদালত আদেশে বলেন, ‘অভিযোগপত্রে দণ্ডবিধির ১৪৪ ধারা সংযুক্ত করা হইয়াছে। কিন্তু এই ধারার অভিযোগ কাহার ওপর বর্তায়, তাহা পরিষ্কার উল্লেখ হয় নাই। যেহেতু মামলাটি একটি চাঞ্চল্যকর ও জনগুরুত্বপূর্ণ মামলা, সেই কারণে মামলার তদন্ত সিআইডির একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা দ্বারা তদন্তকার্য সম্পন্ন করিবার নির্দেশ দেওয়া গেল।’আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে কিবরিয়া পরিবারের পক্ষের আইনজীবী আলমগীর ভূঞা প্রথম আলোকে বলেন, ‘সিআইডির দাখিল করা সম্পূরক অভিযোগপত্রটি অসম্পূর্ণ ছিল। গ্রেনেড হামলার পরিকল্পনাকারী, গ্রেনেডের উৎস, হামলাকারীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদদাতা—কোনো কিছুই উন্মোচিত হয়নি। আদালত নারাজি মঞ্জুর করে এ আদেশ দেওয়ায় আমরা অন্তরালে থাকা ঘটনাও উন্মোচিত হবে বলে আশা করি।’