পরিকল্পনাকারীরা আড়ালে, অপহরণকারীরা চিহ্নিত

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের সঙ্গে জড়িতদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলেও খুন এবং লাশ গুমের সঙ্গে কারা সরাসরি যুক্ত ছিল, সে জায়গায় এসে আটকে আছে তদন্তকাজ৷ একইভাবে নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যে ও পরিকল্পনায় কে বা কারা জড়িত, তা-ও সাক্ষ্য-প্রমাণসহ চিহ্নিত করা যায়নি৷ ফলে এখন পর্যন্ত তারা কার্যত আড়ালেই রয়ে গেল৷
এই মামলার প্রধান আসামি নূর হোসেনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের পক্ষেও শক্ত তথ্য-প্রমাণ এখনো জোগাড় হয়িন বলে জানিয়েছে তদন্তকারী সূত্র৷ নূর হোসেন গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি নিয়েও শঙ্কায় আছেন তদন্তকারীরা৷
তদন্ত-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সূত্র জানায়, অপহরণের পর এই সাতজনকে কোথায় রাখা হয়েছে, কোথায় হত্যা করা হয়েছে, কীভাবে লাশ গুম করা হয়েছে—এই তিন বিষয়ে সাক্ষীসাবুদ জোগাড় করাই এখন তদন্ত দলের কাছে বড় চ্যালেঞ্জ৷ এই পর্যন্ত পেঁৗছতে পারলে কে বা কারা এ ঘটনার পরিকল্পনাকারী, তা-ও বেরিয়ে আসবে বলে তারা মনে করছে৷
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের আজ এক মাস পূর্ণ হচ্ছে৷ অপহরণের তিন দিন পর তাঁদের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে৷ খুনের সঙ্গে জড়িতদের বিষয়ে সাক্ষ্য-প্রমাণ এখনো না পাওয়ায় অপহরণের পর কোন সময়, কোথায় তাঁদের হত্যা করা হয়েছিল, তা নিশ্চিত করা যায়নি৷
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা গতকাল সোমবার প্রথম আলোকে বলেছেন, এখন পর্যন্ত মামলাটির তদন্তের দুর্বল দিক হলো, কারা কোথায় খুন করেছে, তাদের বিষয়ে সাক্ষীসাবুদ জোগাড় করতে না পারা এবং কারা খুন করিয়েছে, তাদের ব্যাপারেও জোরালো সাক্ষ্য-প্রমাণ না পাওয়া৷ তবে এখন পর্যন্ত তদন্ত দল অপহরণ, খুন ও গুমের সঙ্গে জিড়ত ১৮ জনকে শনাক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছেন৷
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র দাবি করছে, অপহরণে র৵াব-১১-এর সদস্যরা জড়িত থাকার বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন৷ এঁরা মূলত ‘ভাড়াটিয়া’ হিসেবে কাজটি করেছেন বলেও তদন্তে তথ্য পাওয়া যাচ্ছে৷ কিন্তু মামলা পরিচালনার জন্য যে পরিমাণ প্রমাণ ও সাক্ষী দরকার, তা এখনো তাঁদের হাতে আসেনি৷ এই পর্যায়ের দুর্বলতা হলো, মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করতে না পারা৷ নূর হোসেন গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই দুর্বলতা থেকে যাবে বলে মনে করছেন তদন্ত-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি৷
তদন্তের এ পর্যায়ের তথ্য জানিয়ে আইনি ব্যাখ্যা জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী স ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, অপহরণের পর যদি কেউ হত্যার শিকার হন এবং এই সময়ের মধ্যে যদি অপহৃতকে আর কারও সঙ্গে দেখা না যায়, তবে অপহরণকারীই হত্যা করেছে বলে আইনে বলা আছে। তিনি বলেন, অপহরণের বিষয়ে শক্ত তথ্য-প্রমাণ আদালতে দিতে পারলে যারা অপহরণ করেছে, তাদের হত্যার অভিযোগেই সাজা হবে।
তবে স্পর্শকাতর এই মামলায় এক মাসের অগ্রগতিকে ‘মোটেও কম নয়’ বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা৷ অন্তত দুজন কর্মকর্তা বলেছেন, অপহরণের বিষয়ে তাঁদের কাছে যে তথ্য-প্রমাণ এখন পর্যন্ত আছে, তাতে মামলার অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে তাঁরা অনেকটাই এগিয়েছেন।
এই সাত খুনের ঘটনায় পুলিশ অন্তত দুবার আদালতকে বলেছে, আটক র৵াব-১১-এর সাবেক ওই তিন কর্মকর্তা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তাঁদের েনতৃত্বেই অপহরণ সংঘটিত হয়েছে। তবে অপহরণের পর কোথায় নিয়ে সাতজনকে রাখা হয়েছে, কোথায় হত্যা করা হয়েছে, কীভাবে লাশ শীতলক্ষ৵া নদীতে ফেলা হয়েছে, সেসব বিষয়ে তথ্য পেতে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন৷ মূলত এই তিনটি প্রশ্নের উত্তর মেলাতেই তদন্তকারীরা এখন কাজ করছেন৷
পুলিশের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, র৵াবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক অধিনায়ক এম এম রানার নেতৃত্বে অপহরণ হয়েছে৷ আর লাশ শীতলক্ষ্যায় নিয়ে ফেলার সময় র৵াব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ ও মেজর আরিফ হোসেন যুক্ত ছিলেন। তাঁদের এই তথ্যের ভিত্তি হচ্ছে, অপহরণের ঘটনা প্রকাশ পাওয়ার পর নারায়ণগঞ্জের প্রতিটি প্রবেশপথে ব্যাপক তল্লাশির ব্যবস্থা করা হয়। ওই দিন মধ্যরাতে শহরের চাষাঢ়ার কাছে এমন একটি তল্লাশিচৌকিতে তিনটি গাড়ির গতিরোধ করেন পুলিশের একজন উপপরিদর্শক। কিন্তু র৵াবের তারেক সাঈদ ও আরিফ হোসেন গাড়িতে থাকায় এবং তাঁরা কাজে যাচ্ছেন বলে জানানোয় গাড়িগুলোতে তল্লাশি করা যায়নি। ওই কর্মকর্তা পুলিশকে এ তথ্য জানিয়েছেন৷ পুলিশের ধারণা, ওই গাড়ির কোনো একটিতে লাশগুলো ছিল। কারণ, ওই পথেই শীতলক্ষ্যা নদীতে ‘র৵াবের ব্যবহার করা নৌকা’ থাকত৷ তবে এ ব্যাপারে আরও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে কাজ করছে পুলিশ৷
একটি সূত্র জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তারা ঘটনার সঙ্গে যুক্ত র৵াব-১১-এর ১০ জনের সঙ্গে কথা বলেছেন৷ এর মধ্যে কয়েকজন সদস্যের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তা এখন পর্যন্ত সম্ভব হননি। এই সদস্যরা বলেছেন, তাঁরা একটি বাহিনীতে কর্মরত। নিয়ম অনুযায়ী, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ মানাই তাঁদের কাজ। অপহরণ বা হত্যা নিয়ে কোনো কথা কেবল দায়িত্বপ্রাপ্তরাই বলতে পারেন৷
তদন্ত কর্মকর্তারা স্বীকার করেছেন, এখন পর্যন্ত এ মামলার অন্যতম দুর্বল দিক হলো, প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেন, ইয়াসিন আলীসহ এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারা। হাসমত আলী (হাসু) নামে এক আসামি যশোরে গ্রেপ্তার হয়েছেন বলে গণমাধ্যমে খবর বের হলেও এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশের কাছে তথ্য নেই। বাকি তিন আসামির ব্যাপারেও তেমন কোনো তথ্য তাঁদের কাছে নেই।
তদন্তের এক মাসের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন আগের মতোই প্রথম আলোকে বললেন, অগ্রগতি সন্তোষজনক। পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো তথ্য তিনি প্রকাশ করতে পারবেন না। তদন্ত শেষ হতে আর কত দিন লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনক্ষণ বলা যাবে না। তবে যত দ্রুত সম্ভব, সঠিক ও শক্ত তদন্ত প্রতিবেদন তাঁরা দাখিল করবেন।
২৭ এপ্রিল: নজরুল ইসলাম ও চন্দন সরকারসহ ৭ জন অপহৃত
৩০ এপ্রিল: শীতলক্ষ্যায় ছয়জনের লাশ৷ পরের দিন আরেকটি লাশ পাওয়া যায়
৬ মে: তিন র্যাব কর্মকর্তাকে অবসর
৭ মে: ৭ সদস্যের তদন্ত কমিটি
১১ মে: র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ
২২ মে: তিন কর্মকর্তা খুনের সঙ্গে জড়িত বলে আদালতকে জানায় পুলিশ