সাতক্ষীরা জেলা সদরের নাথুয়ারডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টার আলোচিত মামলায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনের নাম বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খান গত বৃহস্পতিবার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।পুলিশ আর্থিক সুবিধা নিয়ে মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে অব্যাহতি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১৪ জুলাই সাতক্ষীরা সদর থানায় র্যা ব-৬-এর ডিএডি মো. আমির হোসেনের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফের সঙ্গে নাথুয়ারডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে শফিকুল ইসলামকে ফাঁসাতে আবদুর রউফ র্যা বের সোর্স আমিরুল ইসলামকে টাকা দিয়ে পক্ষে নেন। পরিকল্পনা অনুযায়ী, ২১ মে রাতে শফিকুল ইসলামের নাথুয়ারডাঙ্গা গ্রামের বাড়িতে অস্ত্র রেখে আসেন ইউপি চেয়ারম্যান আবদুর রউফের ছেলে মো. সেলিমের সহযোগিতায় একই গ্রামের কবির হোসেন ওরফে ভুট্টো। পরে সোর্স আমিরুল ইসলাম র্যা ব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামানকে জানান, শফিকুলের বাসায় অস্ত্র আছে। ওই রাতে মেজর কামরুজ্জামানের নেতৃত্বে র্যা বের সদস্যরা অভিযান চালিয়ে শফিকুল ইসলামের বাড়ি থেকে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। অভিযান চলাকালে এলাকাবাসী ও শফিকুলের আত্মীয়স্বজন এসে জানান, শফিকুলকে ফাঁসাতে এসব অস্ত্র পরিকল্পিতভাবে কেউ রেখে গেছে।অবশ্য র্যা বের সদস্যরা ১৩ জুলাই রাতে আমিরুল ইসলাম, কবীর হোসেন ওরফে ভুট্টোসহ তিনজনকে গ্রেপ্তার করে ঢাকায় র্যা বের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আবদুর রউফ, তাঁর ছেলে আবদুস সেলিম ও সোনালী ব্রিকসের ব্যবস্থাপক এনামুল ইসলামের মাধ্যমে টাকা নিয়ে অস্ত্র সংগ্রহ করে শফিকুল ইসলামের বাড়িতে রেখে আসার বর্ণনা দেন কবীর ও আমিরুল ইসলাম। প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়, শফিকুল ইসলামকে ফাঁসাতে ও সমাজে হেয়প্রতিপন্ন করতে ইউপি চেয়ারম্যান আবদুর রউফ ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছেন। জানা যায়, মামলার প্রধান পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান আবদুর রউফ, তাঁর ছেলে আবদুস সেলিম ও আবদুর রউফের মালিকাধীন সোনালী ব্রিকসের ব্যবস্থাপক এনামুল ইসলামকে বাদ দিয়ে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। শফিকুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মামলা থেকে ওই তিনজনকে অব্যাহতি দিয়েছে। আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ সঠিক নয় দাবি করে সাতক্ষীরা সদর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান আলী খান গতকাল শনিবার প্রথম আলোকে জানান, আলীপুর ইউপির চেয়ারম্যান ওই সময় ভারতে ছিলেন। আইন অনুযায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ওই অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একই মামলায় ৪২০/১২০ ধারায় ওই পাঁচজনের বিরুদ্ধে তিন-চার দিনের মধ্যে আরেকটি অভিযোগপত্র দেওয়া হবে।