একটি ভবনের অনুমোদন নিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ে এক নগর পরিকল্পনাবিদের সঙ্গে যুবলীগের এক নেতার কথা-কাটাকাটি হয়েছে। ভবনটির অনুমোদন না দিয়ে ওই ফাইল বিশেষ প্রকল্পে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় যুবলীগের নেতা নগর পরিকল্পনাবিদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে জানা গেছে। যুবলীগের এই নেতার নাম মির্জা কামরুল হাসান ওরফে আলমাস।জানা গেছে, নগরের নিমতলী এলাকায় ছয় কাঠার ওপর একটি ভবন নির্মাণের অনুমোদনের জন্য আবেদন করেন মো. সোহরাওয়ার্দী ও তাঁর ভাই। ওই ফাইল নগর পরিকল্পনাবিদ সৈয়দ ফুয়াদুল খলিল আল ফাহমীর কাছে ছিল। তিনি ফাইলে বিভিন্ন নিয়ম-নীতির কথা উল্লেখ করে সেটি বিশেষ প্রকল্পে পাঠিয়ে দেন। মির্জা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘সড়কের পাশে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিয়ে সিডিএর নিয়ম অনুসরণ করে ভবন অনুমোদনের আবেদন করা হয়। কিন্তু নগর পরিকল্পনাবিদ সৈয়দ ফুয়াদুল খলিল আল ফাহমী সেসব আমলে না এনে ফাইলটি বিশেষ প্রকল্পে পাঠানোর সিদ্ধান্ত নেন। আমি তাঁর কাছে বিষয়টি জানতে চেয়েছি। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নগর পরিকল্পনাবিদ ফাহমী রাজনীতি টেনে বলেন, আপনার সরকার শেষ সময়ে চলে এসেছে। আপনাদের আর সুযোগ দেওয়া হবে না।’ নগর পরিকল্পনাবিদ ফাহমী প্রথম আলোকে বলেন, ‘আমি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। সে হিসেবে ফাইলটি বিশেষ প্রকল্পে পাঠিয়েছি। এ নিয়ে কোনো অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা চেয়ারম্যানকে বলতে পারেন।’ রাজনৈতিক কথাবার্তার ব্যাপারে তিনি বলেন, ‘আমি একটি পেশাগত দায়িত্বে আছি। এখানে বসে রাজনৈতিক কথা বলার সুযোগ কোথায়?’যুবলীগের নেতা মির্জা কামরুল দাবি করেন, ‘ফাহমী জামায়াতের একজন সক্রিয় কর্মী। এ জন্য তিনি আমার দলীয় দৃষ্টিকোণ থেকে আমাকে হয়রানি করেছেন।’ তবে দলীয় পরিচয়ের বিষয়টি এড়িয়ে গেছেন ফাহমী।