পরিকল্পনার অভাবে ব্যয় দুর্ভোগ - সবই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজার–মৌচাক উড়ালসড়কের এফডিসি মোড় অংশে নির্মাণকাজ চলছে। পরিকল্পনার অভাবে প্রকল্পের ব্যয় ও সময় বেড়েছে l ছবি: প্রথম আলো
মগবাজার–মৌচাক উড়ালসড়কের এফডিসি মোড় অংশে নির্মাণকাজ চলছে। পরিকল্পনার অভাবে প্রকল্পের ব্যয় ও সময় বেড়েছে l ছবি: প্রথম আলো

সঠিক পরিকল্পনার বাইরে থাকায় ‘মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার’ প্রকল্পে কারওয়ান বাজার প্রান্তের লুপটি ভেঙে ফেলে দৈর্ঘ্য বাড়ানোর কাজ চলছে। ভুল পরিকল্পনার কারণে সময়মতো কাজটি না করায় প্রকল্পের ব্যয়, খরচ এবং জনদুর্ভোগ বেড়ে গেছে।
গত ৩০ মার্চ এই উড়ালসড়কের সাতরাস্তা-হলি ফ্যামিলি অংশ উদ্বোধনের সময় এই লুপটিও চালুর কথা ছিল। ওই সময়ে লুপটি ছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (এফডিসি) সামনের সড়ক পর্যন্ত। কিন্তু লুপের বেশ কিছু অংশ নির্মাণের পর বাস্তবায়ন কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে ধরা পড়ে যে কিছু দূরেই রেলের লেভেল ক্রসিং রয়েছে, লুপটি তার ওপর দিয়েই নেওয়া উচিত। উদ্বোধনের কিছুদিন পর লুপটি ওই অবস্থাতেই রেখে বর্ধিত কাজ শুরু হয়। শুরু হয় চওড়া স্তম্ভ বসানোর জন্য সুবিশাল গর্ত খোঁড়ার কাজ। কারওয়ান বাজারে টিসিবি ভবন পর্যন্ত সড়ক ভাঙা, গর্ত খোঁড়া এবং স্তম্ভ তৈরি কাজ চলতে থাকে। এখনো চলছে। প্রায় ১০ দিন ধরে আগের লুপের অংশটি ভাঙার কাজ চলছে।
এলডিইডির সংশ্লিষ্ট একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সঠিক পরিকল্পনা না নেওয়ার কারণে এই লুপটি ভাঙতে হচ্ছে। লুপ ভাঙতে ও দীর্ঘ করতে খরচ প্রায় ৫০ কোটি টাকা বেড়ে গেছে।
সাতরাস্তা-হলি ফ্যামিলি অংশের আগের দৈর্ঘ্য ছিল ২ দশমিক ১০৫ কিলোমিটার। খরচ ছিল ২১৩ কোটি টাকা। ২০১১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭৭২ দশমিক ৭৭ কোটি টাকা ব্যয়ের ‘মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার’ নির্মাণের অনুমোদন দেওয়া হয়। নির্মাণকাজের উদ্বোধন হয় ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি। পরে নানা কাজে নির্মাণ ব্যয় বাড়তে থাকে।
গত রোববার এফডিসি এলাকায় গিয়ে দেখা যায়, আগে তৈরি করা লুপের অংশ চট দিয়ে ঢাকা হয়েছে। পে-লোডারের সাহায্যে বিকট শব্দে ভাঙা হচ্ছে উড়ালসড়কের অংশ। জানতে চাইলে উপস্থিত তত্ত্বাবধায়ক আবদুর রহমান বলেন, ভুল করা অংশ ভাঙার কাজ চলছে। নির্মাণের চেয়ে ভাঙার পরিশ্রম বেশি। মেশিন দিয়ে ভাঙার পর ধ্বংসাবশেষ সরাতে বেগ পেতে হচ্ছে।
স্থানীয় বিজিএমইএ ভবনে একটি বেসরকারি সংস্থায় কর্মরত শাহাবুদ্দিন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে লুপের দৈর্ঘ্য বাড়ানোর যে কাজ চলছে, তা সঠিক। কিন্তু এটি তৈরি করতে গিয়ে রাস্তা খোঁড়া থেকে পিলার বসানো পর্যন্ত কাজ করতে গিয়ে যানবাহন ও পথচারীদের কথা একবারও ভাবা হয়নি। অনেক সময় পায়ে হাঁটার মতো রাস্তাও পাওয়া যায়নি।
এলাকার একমাত্র সিএনজি স্টেশনে গ্যাস নিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন গাড়িচালক। তাঁদের কথা হচ্ছে, টুকরো অংশগুলো রাস্তায় না রেখে সরিয়ে নিলে সবারই সুবিধা হয়। পাশের মোটর যন্ত্রাংশের দোকানের কর্মচারী রশিদ বলেন, বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। গর্ত করায় এখানে মাঝে মাঝে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকত। রিকশা, মোটরসাইকেল পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কারওয়ান বাজার এলাকার একজন মোটরসাইকেলচালক মো. মাসুম বলেন, পড়ে যাওয়ার ভয়ে ওই রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছেন।
গতকাল মঙ্গলবার দেখা গেল, এলাকায় অনেক স্থানে এখনো স্তূপাকার করে রাখা হয়েছে মাটি, স্ল্যাবের বড় বড় টুকরা। এবড়োখেবড়ো রাস্তায় বাসগুলো চলছে লাফিয়ে লাফিয়ে।