তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, কেবল উন্নয়ন করলেই হবে না, এর মধ্যে পরিকল্পনার ছাপ থাকতে হবে। সিলেট শহরের জন্য যে মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) রয়েছে, উন্নয়নকাজ পরিচালনার সময় তা বিবেচনায় নিতে হবে।
২০০৪ সালে সিলেটের উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়। এর ১০ বছর পর সিটি করপোরেশন ওই পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে ‘সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জামিলুর রেজা চৌধুরী এসব কথা বলেন। এর আগে সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। সিলেটের উপশহর এলাকার একটি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, যদি টিপাইমুখে ভারত বাঁধ নির্মাণ করে, তবে সুরমা-কুশিয়ারা নদীতে এর প্রভাব পড়বে। এই অঞ্চলের জন্য এটি আশঙ্কার বিষয়ে পরিণত হতে পারে।
সিলেটের উন্নয়নের বিষয়ে জামিলুর রেজা চৌধুরী বলেন, প্রতিটি মহল্লায় উন্মুক্ত জায়গা, খেলার মাঠ রাখা যায় কি না, সেটা গুরুত্বসহকারে দেখতে হবে। ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস না করে সংরক্ষণ করতে হবে। নগর যেহেতু দ্রুত বর্ধনশীল, তাই কোনো উন্নয়ন করতে চাইলে সেটা পরিকল্পনামাফিক করা প্রয়োজন। মেয়রকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও পরিকল্পিত নগরে বাস করার সুযোগ তৈরি করে দিতে হবে।
সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের সমাপনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের (নগর উন্নয়ন) অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক খন্দকার ফওজী বিন ফরিদ ও শেল্টেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
জামিলুর রেজা চৌধুরী আরও বলেন, সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকা। তাই সুউচ্চ ভবন নির্মাণের ক্ষেত্রে সতর্ক হতে হবে। নিয়মনীতি না মেনে সিলেট নগরে অনেক ভবন নির্মিত হয়েছে। ভবিষ্যতে এমনটা যাতে না ঘটে, সেদিকে নজর রাখতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, যেহেতু সিটি করপোরেশন কর্তৃপক্ষ পরিকল্পনামাফিক উন্নয়নে আগ্রহী, তাই মহাপরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কাজ করে গেলেই হবে। ছড়া দখলমুক্ত করা, ফুটপাতকে হাঁটার উপযোগী করার জন্য সম্প্রতি নেওয়া সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
মেয়র বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেট শহর যাতে একটি আদর্শ নগরের পরিচিতি পায়, সে চেষ্টা থাকবে সিটি করপোরেশনের।