পরিকল্পনাসচিবের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঁচ সচিবের পর আরও ১৬’ শিরোনামে ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে বক্তব্য ও প্রতিবাদ জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।
সচিব বলেছেন, একাত্তরে নিজ জেলা বাগেরহাটে মুক্তিযুদ্ধে, বিশেষ করে মোল্লাহাটের চরকুলিয়ার যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। তিনি তখন এসএসসি পরীক্ষার্থী। তবে তখন তিনি মুক্তিযুদ্ধের সনদ গ্রহণ করেননি।
সফিকুল ইসলাম জানান, তিনি মেধাবলে চাকরিতে এসেছেন। এ অবস্থায় মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়েনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ১৯৯৭ সালে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন ও স্বীকৃতির উদ্যোগ নেয়। তখন বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তিনি আবেদন করেননি। তিনি মুক্তিযোদ্ধার সনদ নিতে আগ্রহী ছিলেন না। কিন্তু একপর্যায়ে তাঁর কমান্ডের নেতারা ফরম পূরণ করে সই নিয়ে যান।
সচিব জানান, মুক্তিবার্তায় তাঁর নাম রয়েছে। গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে নাম প্রকাশিত হয়েছে। ২০০০ সালে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে সনদ দিয়েছেন।
সচিব তাঁর বক্তব্যে বলেন, ‘এ অবস্থায় কেন আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপনের প্রয়োজন পড়ল, তা আমি জানি না। চাকরিতে প্রবেশের সময় ঘোষণা না দেওয়ার পক্ষে ১০১টি যৌক্তিক কারণ থাকতে পারে। একজনের চরিত্র হননের আগে সেগুলো খতিয়ে দেখার প্রয়োজনবোধ আপনারা করেননি।’
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে কাউকেই ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়নি। প্রতিবেদনটি ছিল, চাকরিতে যোগ দেওয়ার সময় নিজেকে মুক্তিযোদ্ধা ঘোষণা করেননি, অথচ মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন। প্রতিবেদনে পরিকল্পনা বিভাগের সচিবের প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরা হয়েছে। প্রথম আলো কখনোই কারও চরিত্র হননের উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করে না।
বিটিআরসির চেয়ারম্যানের প্রতিবাদ: টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস একই প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ১৯৭৬ সালে সরকারি কর্মকমিশনের যে বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি চাকরির জন্য আবেদন করেন, সেখানে মুক্তিযোদ্ধা ঘোষণা দেওয়ার সুযোগ ও প্রয়োজন ছিল না। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সনদ ব্যবহার করে চাকরির সুবিধা নেওয়ার মানসিকতা নিয়ে তিনি মুক্তিযুদ্ধ করেননি।
প্রতিবেদকের বক্তব্য: চাকরিতে যোগ দেওয়ার সময় নিজেকে মুক্তিযোদ্ধা ঘোষণা করেননি, অথচ মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন—এটাই ছিল প্রতিবেদনের মূল বিষয়। তিনি মুক্তিযোদ্ধা নন, এ কথা প্রতিবেদনে বলা হয়নি।