টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা রকিবুল ইসলাম ওরফে ফরিদকে হত্যা করতে উপজেলা আওয়ামী লীগের চার নেতা পরিকল্পনা করেন। পরে তাঁদের পরিকল্পনা বাস্তবায়নে ঘাতকদের সঙ্গে হত্যার ব্যাপারে চুক্তি করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মকবুল হোসেন তরফদার। তিনি ওই নেতাদের এবং হত্যায় অংশ নেওয়া খুনিদের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করেন।
হত্যা মামলায় গ্রেপ্তার ভূঞাপুরের অলোয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন তরফদার গতকাল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন। মকবুল ভাড়ই দক্ষিণ পাড়ার মৃত হামিদ তরফদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত শনিবার মকবুলকে ভূঞাপুরের কাগমারী পাড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে স্বীকার করেন যে এই হত্যাকাণ্ডে উপজেলা আওয়ামী লীগের চার নেতার পরিকল্পনা অনুযায়ী তিনি হত্যাকারীদের সঙ্গে চুক্তি করেন। পরে ওই নেতাদের কাছ থেকে টাকা নিয়ে হত্যাকারীদের কাছে পৌঁছে দেন।
গত ৬ ডিসেম্বর সকালে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা লাশ তাঁর নিজ গ্রাম ভাড়ই মধ্যপাড়ার একটি পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে নয়টার পর তিনি নিখোঁজ হন। ওই দিনই রকিবুলের ভাই ফজলুল করিম বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। পরে ফজলুল করিম বাদী হয়ে ১৫ ডিসেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে আরও একটি সম্পূরক মামলা দায়ের করেন। সে মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা, অপর যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবদুল হামিদ মিয়া ওরফে ভোলা, অলোয়া ইউপির চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। আদালত থানায় ও আদালতে দায়ের করা মামলা দুটি একসঙ্গে তদন্তের আদেশ দেন।
মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। এর আগে গোয়েন্দা পুলিশ গত ২২ জানুয়ারি এ মামলায় ভূঞাপুরের ভাড়ই মধ্যপাড়া গ্রামের শামছুল হকের ছেলে মাঈনুল হাসান ওরফে মাসুদকে এবং ওয়ারেজ আলীর ছেলে শওকত হোসেন ওরফে সৈকতকে ৩ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে। তাঁরা দুজন এর আগে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, ইউপি সদস্য মকবুল হোসেন এই হত্যার পরিকল্পনাকারী এবং হত্যাকারীদের সঙ্গে সমন্বয় করার বিষয়টি স্বীকার করেছেন। গতকাল আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুপন কুমার দাস মকবুলের জবানবন্দি লিপিবদ্ধ করেছেন। জবানবন্দি লিপিবদ্ধ শেষে সন্ধ্যায় তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।