পরিকল্পিত আবাসনের জন্য আইন প্রণয়নের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে পরিকল্পিত আবাসনব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়নের সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে আইন লঙ্ঘন করে যাতে কেউ আবাসিক প্রকল্প করতে না পারে, সে জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী। এতে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুুল মান্নান খান, হুইপ নুর-ই-আলম চৌধুরী, আবদুছ সাত্তার, জহিরুল হক ভূঞা ও সাফিয়া খাতুন অংশ নেন। কমিটির রাজশাহীতে অনুষ্ঠিত গত সভায় পূর্তসচিব খোন্দকার শওকত হোসেন উপস্থিত না হওয়ায় তাঁকে ভর্ৎসনা করা হয়।সভায় প্রতিমন্ত্রী আব্দুুল মান্নান খান বলেন, অনেক বেসরকারি হাউজিংই নীতিমালা না মেনে কাজ করতে চায়। তাদের শক্তি অনেক বেশি। তবে সরকার দেশের স্বার্থে এ ধরনের আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দিচ্ছে না। ভবিষ্যতেও সরকার-পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে এ-সংক্রান্ত কোনো আইনের ছাড় দেওয়া হবে না।সভায় জানানো হয়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নেতৃত্বে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল-২০১০-এর আলোকে বিধিমালা প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। এ বিধিমালা প্রণয়নের খসড়া ৩১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত করা হবে।সভায় নীতিমালা লঙ্ঘন করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ইনস্টিটিউট অব সায়েন্স, ট্রেড অ্যান্ড টেকনোলজি ও দ্য মার্কস ইএনটি ক্লিনিক অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালকে জমি বরাদ্দ প্রদান নীতিমালার বাইরে হয়ে থাকলে বরাদ্দ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে নীতিমালা লঙ্ঘনের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।সভায় ইস্টার্ন হাউজিংয়ের অনুমোদিত তিনটি প্রকল্প অনুমোদনের বিষয়ে মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত জানতে চেয়েছে কমিটি।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার শওকত হোসেনসহ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।