পরিকল্পিত উন্নয়নে ডেটা ইনফ্রাস্ট্রাকচার গড়া হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে জিও ডেটা (ভূমিবিষয়ক উপাত্ত) সংগ্রহ এবং ডিজিটাল ম্যাপিংয়ের জন্য শিগগিরই ন্যাশনাল স্পেশাল ডেটা ইনফ্রাস্ট্রাকচার (এনএসডিআই) গড়ে তুলবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ভূমির বিজ্ঞানসম্মত তথ্য-উপাত্ত জানা প্রয়োজন। এ জন্যই আমরা ন্যাশনাল স্পেশাল ডেটা ইনফ্রাস্ট্রাকচার (এনএসডিআই) গঠনের উদ্যোগ নিয়েছি।’ প্রধানমন্ত্রী গতকাল বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল স্পেশাল ডেটা ইনফ্রাস্ট্রাকচার (এনএসডিআই)’ শীর্ষক সেমিনারের উদ্বোধনপর্বে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
এনএসডিআই গঠনের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, এনএসডিআই গঠনের মাধ্যমে দেশের সব ভূমির পরিকল্পনা প্রণয়ন করা হবে, যাতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। এ জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, কর্মকৌশল নির্ধারণ ও প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হবে।