পরিকল্পিত ও পরিচ্ছন্ন শহর চান বগুড়াবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, রিকশা ও ফল ব্যবসায়ীরা দখল করে আছেন। ফুটপাত দখল করে আছেন হকাররা । এ অবস্থায় পথচারীদের দুর্ভোগ চরমে পেঁৗছেছে। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা খুবই নাজুক। শহরবাসী এসব ভোগান্তি থেকে মুক্তি চান। পরিকল্পিত ও পরিচ্ছন্ন শহর চান তাঁরা। বগুড়া পৌরসভাকে নাগরিক সেবার একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান তাঁরা।
গতকাল শনিবার বগুড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী সমাবেশে ওই সব সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। ‘পরিবেশ উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক সমাবেশের আয়োজন করে পরিবেশ উন্নয়ন নাগরিক কমিটি৷ পরিবেশ উন্নয়ন নাগরিক কমিটির সভাপতি আল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মঞ্জুর-ই-মওলা, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, কাউন্সিলর ডালিয়া নাসরিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জিয়াউল হক প্রমুখ।
পেশাজীবী সমাবেশে বক্তারা জানান, শহরে রিকশার সংখ্যা ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ। শহরের প্রধান প্রধান সড়কে নির্মাণসামগ্রী রেখে বহুতল ভবন নির্মাণের কাজও চলছে। পৌর এলাকা থেকে এখনো ইটভাটা সরানো হয়নি। নাগরিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।