জন্মগত ত্রুটির কারণে দেশে কমপক্ষে ২০ শতাংশ নবজাতকের মৃত্যু হচ্ছে। শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে এটি এখনো বড় বাধা। পরিকল্পিত গর্ভধারণের মাধ্যমে নবজাতকের জন্মগত ত্রুটি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। বিশ্ব জন্মগত ত্রুটি দিবসে চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় চিকিৎসক ও বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগে এ সভা হয়। সভার আয়োজক চমেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগ। সভায় চিকিৎসকেরা বলেন, জিনগত বৈশিষ্ট্য, অপুষ্টি এবং রক্ত সম্পর্কীয় বিয়ে নবজাতকের জন্মগত ত্রুটির অন্যতম কারণ। এ ছাড়া ধূমপান, ডায়াবেটিস, অপচিকিৎসা, ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণ ও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করলেও এই ত্রুটি হওয়ার আশঙ্কা রয়েছে। জন্মগত ত্রুটি থেকে প্রতিকারের উপায় সম্পর্কে চিকিৎসকেরা বলেছেন, কম বা বেশি বয়সে মা হওয়া যাবে না। গর্ভকালীন অবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে।
সভায় জানানো হয়, ২০১৫ সালে চমেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ছয় হাজার শিশু ভর্তি হয়। এদের মধ্যে প্রায় ৩ হাজার ২৫০ শিশুর জন্মগত ত্রুটি পাওয়া যায়। শিশু সার্জারি বিভাগের প্রধান তাহমিনা বানু জানান, চিকিৎসার পর ওই শিশুদের ৬০ শতাংশ ভালো হয়েছে। মারা গেছে ১০ শতাংশ শিশু। বাকি ৩০ শতাংশ শিশুর জন্মগত ত্রুটি রয়ে গেছে।
চমেক হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা বিভাগের প্রধান শাহান আরা চৌধুরী বলেন, এ দেশে নারীরা পরিকল্পিত গর্ভধারণ করেন না। গর্ভধারণের প্রথম তিন মাস খুবই গুরুত্বপূর্ণ। এই সময় শিশুর অঙ্গপ্রত্যঙ্গ ঠিক হয়। তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আত্মীয়স্বজনের মধ্যে জন্মগত ত্রুটির ইতিহাস থাকলে অবশ্যই পরিকল্পিত গর্ভধারণ করতে হবে।