সিলেট একটি অপরিকল্পিত নগর। মেয়র হওয়ার সুযোগ পেলে সিলেটকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে নাগরিক জীবনের সব সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে অঙ্গীকার করেছেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী। নির্বাচন কমিশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার রাতে সিলেটে বিবিসির আয়োজনে বিশেষ ‘নির্বাচনী সংলাপ’ অনুষ্ঠানে তাঁরা এ অঙ্গীকার করেন। নগরের জালালাবাদ গ্যাস মিলনায়তনে রাত আট ৫০ মিনিট থেকে নয়টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টা চলে সংলাপ। সংলাপটি বাংলাদেশ টেলিভিশন ও বেতার সরাসরি সম্প্রচার করে। প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদপ্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী ছালাহউদ্দিনও সংলাপে অংশ নেন। তবে দর্শকদের প্রশ্ন আরিফ-কামরানকে ঘিরে ছিল। নগরের যানজট, জলাবদ্ধতা, ফুটপাত দখল, পানির সংকটসহ নাগরিক সমস্যা নিয়ে সদ্য সাবেক মেয়র বদরউদ্দিন আহমদকে ‘গত পাঁচ বছরে কী করলেন’ এবং আরিফকে নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে ‘কী পদক্ষেপ নেবেন’—এ-জাতীয় জিজ্ঞাসা ছিল। জবাবে কামরান তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। অপর দিকে আরিফ নির্বাচিত হয়ে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সমস্যার সমাধানে পদক্ষেপ নেবেন বলে জানান। বিবিসি বাংলার সংবাদদাতা ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায় সিলেটে নির্বাচনী সংলাপ উপস্থাপনা করেন আকবর হোসেন। এরপর নির্বাচনী সংলাপ ৭ জুন রাজশাহী, ১০ জুন খুলনা এবং ১২ জুন বরিশালে অনুষ্ঠিত হবে বলে বিবিসি বাংলাদেশ সংলাপের প্রেস অফিসার অনন্যা সান্যাল জানান।