পরিকল্পিত নগরায়ণে বাপার ১৪ প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পিত নগরায়ণ ও জনদুর্ভোগ লাঘবের জন্য কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রকে গত মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখা ১৪ দফা প্রস্তাব দিয়েছে।
বাপার সাধারণ সম্পাদক আলী আকবর গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, কুমিল্লা নগরের রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। ভাঙাচোরা রাস্তা দিয়েই নগরবাসীকে গন্তব্যে যেতে হয়। তারপর অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বহুতল ভবন। নগরের বর্জ্য ব্যবস্থাপনাও ভালো নয়। উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হকের সঙ্গে নগর ভবনে বাপার একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। তখন মেয়রকে পরিকল্পিত নগর উপহার দেওয়ার জন্য ১৪টি প্রস্তাব দেওয়া হয়। মেয়র এসব প্রস্তাব পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন বলে প্রতিনিধিদলকে আশ্বাস দেন।
বক্তব্য জানার জন্য মেয়র মনিরুল হকের মুঠোফোনে গতকাল সন্ধ্যায় একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
বাপার প্রস্তাবগুলো হলো: পরিকল্পনা অনুযায়ী রাস্তাঘাট, বাড়িঘর ও মার্কেট নির্মাণ, রাস্তার দুই পাশে কার্যকর নালার ব্যবস্থা, নগরে অবৈধ যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা, নগরে পৃথক জনসংখ্যা জরিপ করা, ফুটপাত ও সড়ক বিভাজক স্থাপন, শব্দদূষণ বন্ধ, যানজট ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান, এক খুঁটির বড় আকারের বিলবোর্ড স্থাপন বন্ধ, নালা থেকে সড়কের পাশে ময়লা না রাখা, হাসপাতালের বর্জ্য পুড়িয়ে ফেলা, বাস টার্মিনাল এলাকায় সড়কের মধ্যে যানবাহন রেখে যাত্রী ওঠানো-নামানো না করা, আগামী ১০ বছর পর্যন্ত পাঁচতলার ওপরে মার্কেট ও বাড়িঘরসহ বহুতল ভবন নির্মাণের অনুমোদন না দেওয়া, জলাধারে আবর্জনা ফেলার নামে ভূমি দখলের চেষ্টা রোধ করা এবং গোমতী নদীকে রক্ষা করা।