পরিকল্পিত শিল্পাঞ্চল চান পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারের পরই গাজীপুরের কালিয়াকৈরে গড়ে উঠেছে অসংখ্য শিল্প-কারখানা। কিন্তু অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য পৌর এলাকাকে বিষিয়ে তুলেছে। চাষাবাদ করতে পারছেন না কৃষক, নদী-খাল-বিলে মাছ পাওয়া যাচ্ছে না। কালিয়াকৈর পৌরসভার ভোটারদের আশা, প্রথমবারের মতো নির্বাচিত মেয়রই এসব সমস্যার সমাধান করবেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৪ দশমিক ৬৬ বর্গকিলোমিটার আয়তন নিয়ে ২০০১ সালের ২১ জুন কালিয়াকৈর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এরপর কয়েক বছর পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন এখানে দায়িত্বে থাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ২০০৪ সালের ২ আগস্ট প্রশাসকের দায়িত্ব পান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান। তিনি জানান, আইনি জটিলতার কারণে কালিয়াকৈর পৌরসভায় এবারই প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে। প্রথম মেয়র হওয়ার সম্মান পাওয়ার লক্ষ্যে অনেকেই প্রচারণায় নেমেছেন। বর্তমানে এখানে ভোটারের সংখ্যা প্রায় ৮১ হাজার।প্রতিষ্ঠার প্রায় ১০ বছর পর পৌরসভার প্রথম নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। প্রার্থীদের কাছে কী প্রত্যাশা করেন—ভোটাররাও তা বলছেন।পৌরসভার হরিণহাটি এলাকার রবিউল ইসলাম বলেন, কালিয়াকৈর পৌর এলাকায় অসংখ্য শিল্প-কারখানা গড়ে উঠেছে। এগুলোতে শোধনাগার না থাকায় বিষাক্ত বর্জ্য সরাসরি চলে যাচ্ছে আবাসিক এলাকা ও আবাদী জমিতে। এতে জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। আবাসিক এলাকাগুলোয় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। তাই এবার পৌর নির্বাচনের বড় বিষয় পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ার অঙ্গীকার। একই কথা বলেন ব্যবসায়ী সেলিম হোসেন ও ইয়াছিন আলী।৬ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, পৌরসভা ঘোষণা হওয়ার পর এলাকায় অনেক রাস্তাঘাট তৈরি করা হলেও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কারখানাগুলোর বিষয়ে কাউকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। কারখানাগুলো যেখানে খুশি আবর্জনা ফেলে রাখছে।মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা অনেকেই জানিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আরেক সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক, বর্তমান পৌর প্রশাসক মজিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদারের ভাই মোশারফ সিকদার।এদিকে পৌর এলাকায় বিভিন্ন সময়ে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাঁটানো পোস্টার ও ডিজিটাল বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশনা থাকলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত সেগুলো সরানো হয়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী জানান, এসব না সরানো হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।