পরিকল্পিত হত্যা দাবি করে ভাইয়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইওয়ে রেঞ্জের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদারকে অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

রাজধানীর রূপনগর থানায় গত বুধবার রাতে এই মামলা করেন নিহত মিজানুর রহমানের ছোট ভাই মাসুম তালুকদার। এদিকে পুলিশ বলছে, ছিনতাইকারীরা মিজানুর রহমানকে হত্যা করে তাঁর কাছ থেকে মানিব্যাগ, পুলিশের পরিচয়পত্র ও ওয়াকিটকি সেট নিয়ে গেছে। তবে তাঁর সঙ্গে ব্যাগে থাকা সরকারি নম্বরসহ দুটি মুঠোফোন, ইউনিফর্মসহ ব্যক্তিগত মালামাল ছিনতাই হয়নি। এই হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার দুপুরে পুলিশ মিরপুর বেড়িবাঁধসংলগ্ন বিরুলিয়া সেতুর ৫০০-৬০০ গজ দূরে জঙ্গল থেকে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এএসপি মিজানুর রহমানের (৫০) লাশ উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আক্তারুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথে মিজানুর রহমান ছিনতাইকারীর আক্রমণের শিকার হন। হয়তো ছিনতাইকারীরা তাঁর পরিচয় জানার পর তাঁকে জঙ্গলে নিয়ে হত্যা করে তাঁর পরিচয়পত্র, ওয়াকিটকি সেট ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। তাঁর সঙ্গে লেনদেন নিয়ে কারও বিরোধ বা শত্রুতার তথ্য পাওয়া যায়নি।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, মিজানুর রহমানের ছিনতাই হওয়া ওয়াকিটকি উদ্ধার করা যায়নি।

মিজানুর রহমানের লাশের ময়নাতদন্ত করা ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস বলেন, মিজানুর রহমানের মৃত্যু হত্যাজনিত।

মাসুম তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ভাইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কারও কোনো শত্রুতা ছিল না। তবে দাপ্তরিক বিষয়ে কারও সঙ্গে তাঁর কোনো ঝামেলা ছিল কি না, তা আমরা জানি না।’

ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে মিজানুর রহমানের জানাজা হয়। এরপর উত্তরা ৫ নম্বর সেক্টরে তাঁর বাসার সামনে জানাজা হয়। তৃতীয় দফা জানাজা শেষে বাদ আসর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আলিভুখায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মামলা ডিবিতে

ডিবি পুলিশ মিজানুর রহমান হত্যা মামলার তদন্তভার পেয়েছে।