পরিকল্পিত হত্যার শিকার ব্যবসায়ী নজরুল: পুলিশ
পরিকল্পিতভাবেই মুদ্রা ব্যবসায়ী নজরুল ইসলামকে হোটেলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তারা হত্যার কারণ হিসেবে আর্থিক লেনদেন ও ব্যবসায়িক বিরোধকে প্রাধান্য দিচ্ছে।
গুলশানের হোটেল আমারি থেকে গত সোমবার রাতে মুদ্রা ব্যবসায়ী নজরুলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গুলশানের ডিসিসি মার্কেটে পল্টন মানি এক্সচেঞ্জ পয়েন্ট নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
পুলিশ জানিয়েছে, হোটেল আমারির ওই কক্ষ থেকে দুটি সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। নজরুলের পা বাঁধা ছিল সবুজ রঙের প্লাস্টিকের দড়ি দিয়ে।
গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে নজরুলের লাশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মর্গে নিহত ব্যক্তির স্ত্রী ডলি ইসলাম সাংবাদিকদের বলেন, বাড্ডায় একটি বাসায় একা থাকতেন তিনি। তিনি (স্ত্রী ডলি আক্তার) তিন ছেলেমেয়েকে নিয়ে নরসিংদীতে থাকেন। প্রতিদিনই একাধিকবার নজরুলের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হতো। গত রোববার বিকেলে নজরুলের নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর আরেকটি নম্বরে ফোন করা হলে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মী সুমন তা ধরে জানান, নজরুল আমারি হোটেলে মুদ্রা বিনিময় করতে গেছেন। এরপর রাতে তাঁকে ফোন করে হত্যার খবর দেয় পুলিশ। তিনি বলেন, ব্যবসায়িক প্রয়োজনে প্রায়ই বিভিন্ন হোটেলে বিদেশি মুদ্রা লেনদেনের জন্য যেতেন নজরুল।
পুলিশ জানিয়েছে, আবদুস সালাম নামের এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দেখিয়ে হোটেলের ওই কক্ষ ভাড়া নেওয়া হয়। পুলিশ তাঁদের খুঁজছে। হোটেলকক্ষ থেকে নজরুলের মুঠোফোনটিও পায়নি।