পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, কক্সবাজারে রাখাইনদের ক্যাং, জাদি শ্মশান আর ভূসম্পত্তি প্রভাবশালীরা পরিকল্পিতভাবে দখল করছে। আদিবাসীদের এই বিপর্যয় ঠেকাতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে আদিবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের বৌদ্ধমন্দির সড়কের আরডিএফ মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি তুলে ধরেন। আদিবাসী ফোরামের জাতীয় কমিটির সদস্য ও কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যা থিং অংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেন, ‘সরকারের সঙ্গে চুক্তির পর আমরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। কিন্তু এরপরও শাসকগোষ্ঠীর শোষণ-বঞ্চনা থেমে নেই।’আদিবাসীদের সমস্যা ও অধিকার নিয়ে বক্তৃতা করেন আদিবাসী পরিষদের নেতা সাধুরাম ত্রিপুরা, চিংলা মং চাক, ওয়াইচিং প্রু, লা থুই চিং রাখাইন, মং থে হ্লা রাখাইন, চেমং রাখাইন প্রমুখ।