পরিকল্পিতভাবে বিদ্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় গত মঙ্গলবার গভীর রাতে আগুনে পুড়ে গেছে গ্যালাক্সি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল। এতে একটি অফিস কক্ষ ও ১২টি শ্রেণীকক্ষে থাকা জরুরি কাগজপত্রসহ যাবতীয় আসবাব পুড়ে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ জানায়, রাত পৌনে একটার দিকে প্রতিষ্ঠানটির প্রধান ঘর দাউ দাউ করে জ্বলে ওঠে। শিক্ষাপ্রতিষ্ঠানটির ১০০ গজের মধ্যেই বেড়া ফায়ার স্টেশন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নেভাতে শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো গেলেও ততক্ষণে গোটা স্কুলই পুড়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, ব্যক্তিমালিকানাধীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণীর প্রায় এক হাজার ১০০ শিক্ষার্থী পড়ালেখা করে। প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষার ভালো ফলাফলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি বেড়া ও সাঁথিয়া উপজেলায় সুপরিচিত।প্রতিষ্ঠানের মালিক আবদুস সালাম বলেন, গোটা স্কুল একসঙ্গে যেভাবে জ্বলে উঠেছে, তাতে পরিষ্কার পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। এ-সংক্রান্ত কিছু আলামতও তাঁরা পেয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্কুলের নৈশপ্রহরী সবুজ মিয়া বলেন, ‘আমি পুড়ে যাওয়া স্কুলঘর থেকে কিছুটা দূরে অন্য কক্ষগুলোর পাহারায় ছিলাম। হঠাৎ করেই একযোগে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি।’ বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, আলামত দেখে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও এর পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিটের ভূমিকা থাকতে পারে। বেড়া মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নাশকতার তেমন কোনো নিদর্শন মেলেনি। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।