কক্সবাজার ঘিঞ্জি শহরে পরিণত হয়েছে। শহরের প্রধান সড়ক, কলাতলী সৈকত সড়ক দখল করে শত শত অবৈধ স্থাপনা তৈরি হয়েছে। পাহাড় ধ্বংস করে তৈরি হচ্ছে হাজার হাজার ঘরবাড়ি। পাহাড় কাটার মাটিতে ভরাট হচ্ছে শহরের নালা। সামান্য বৃষ্টিতে পুরো শহরে দেখা দেয় জলাবদ্ধতা।
গত সোমবার রাতে শহরের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কার্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদ, বর্ষার আগে শহরের পাহাড় কাটা বন্ধ এবং পাহাড় থেকে সব ধরনের অবকাঠামো উচ্ছেদ করে কক্সবাজারকে পরিকল্পিতভাবে সাজানোর তাগিদ দেন।
মতবিনিময় সভার প্রধান অতিথি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুন-উর-রশিদ বলেন, ১০ বছর আগের কক্সবাজার আর এখনকার কক্সবাজারের পার্থক্য অনেক। এখন সৈকত এলাকা হোটেল-মোটেলে ভরে গেছে। এতে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। সৌন্দর্য রক্ষা করা না গেলে এখানে কেউ আসবে না। তখন বিনিয়োগ ভেস্তে যাবে।
বিশেষ অতিথি কবি মুহম্মদ নুরুল হুদা বলেন, পরিকল্পনায় সমন্বয় দরকার। ভূমির ব্যবহার নিয়ে যত্নবান হতে হবে। যেকোনো মূল্যে পাহাড় নিধন বন্ধ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করে শহরটাকে ঘিঞ্জি বানিয়ে ফেলা হয়েছে। এখনো অনুমোদন ছাড়া নতুন নতুন বহুতল ভবন হচ্ছে।
কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ বলেন, কক্সবাজারকে আধুনিক পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে কউক হয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে যদি কউক কাজ করতে না পারে, তাহলে প্রধানমন্ত্রীর ইচ্ছা বিফলে যাবে।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন, সৈকতের চার শতাধিক হোটেল-মোটেলে স্যুয়ারেজের ব্যবস্থা নেই। ময়লা পানি নালা দিয়ে শহরে গেলে জলাবদ্ধতা দেখা দেয়। তা ছাড়া পাহাড় কাটা বন্ধ না হওয়ায় শহরের নালাগুলো পরিষ্কার রাখা যাচ্ছে না। তিনি বলেন, প্রধান সড়কের দুপাশ ও নালা দখলকারীদের তালিকা তৈরি হয়েছে। কউকের সহযোগিতা পেলে দ্রুত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।
কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের ঝুঁকি মাথায় রেখেই কক্সবাজারের পর্যটনশিল্পের উন্নয়ন করতে হবে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, সমন্বয়ের অভাবে কক্সবাজারকে পরিকল্পিতভাবে গড়ে তোলা যাচ্ছে না। আর বিনোদনের কিছু নেই বলে বিদেশি পর্যটক তেমন আসছেন না। বিদেশি পর্যটক টানার উদ্যোগ কারও নেই।
সভাপতির বক্তব্যে কউকের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাস চলে গেছে, কিন্তু কিছুই করতে পারিনি। এর কারণ জনবলের সংকট ও প্রশাসনিক সমন্বয়হীনতা।’ তিনি বলেন, আগামী বর্ষার আগে পাহাড় থেকে স্থাপনা সরানো না গেলে পাহাড়ধসে প্রাণহাণির আশঙ্কা আছে। শহরের প্রধান সড়ক, নালা-নর্দমা ও সৈকত দখল করে তৈরি হয়েছে অসংখ্য স্থাপনা। কিন্তু ম্যাজিস্ট্রেটসহ জনবল-সংকটের কারণে এসব স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না। এ ছাড়া বাজেটও নেই।
কউক চেয়ারম্যান আরও বলেন, ‘যেকোনো মূল্যে কক্সবাজারকে পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিপলস ফোরামের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে আহমদ হোসেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, কলেজশিক্ষক মঈনুল হাসান, প্রকৌশলী কানন পাল, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার।