পরিচয় জানতে ৩৭ জনের স্বজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচয় নিশ্চিত হতে আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ জনের পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ১৯ জুনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন একই সময়ের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

গত বছরের ২৪ নভেম্বর রাতে তাজরীনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় শতাধিক শ্রমিক প্রাণ হারান। পুড়ে যাওয়ার কারণে তাঁদের অনেকের পরিচয় জানা যায়নি।

তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে গত ২৮ এপ্রিল তিন নৃবিজ্ঞানী রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এরপর ৩০ মে আদালত বিলম্ব ছাড়াই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন দাখিল করতে এবং তাজরীন ফ্যাশনসের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনকে ৯ জুন হাজির হতে নির্দেশ দেন।

এই নির্দেশ অনুসারে গতকাল দেলোয়ার হোসেন আদালতে হাজির হন। তাঁর পক্ষে আইনজীবী ছিলেন ফিদা এম কামাল, মো. আলী আকন্দ ও গোলাম রাব্বানী। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল স্বরূপ কান্তি দেব। পরে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, পরিচয় নিশ্চিত না হওয়া শ্রমিকদের তালিকা আদালতে জমা দেওয়া হয়। ৩৭টি পরিবারের সদস্যরা তাঁদের ডিএনএ পরীক্ষার জন্য চেষ্টা করলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। তাঁরা কোনো ক্ষতিপূরণও পাননি। আদালত ওই ৩৭ জনের পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।