
কয়েক মাস পরেই প্রথমবারের মতো বাবা হবেন। তাই ঢাকায় আর চাকরি করবেন না বলে ঠিক করেছিলেন মো. মুকুল। কর্মস্থলে জমাও দিয়েছেন পদত্যাগপত্র। স্ত্রী আর নবাগত সন্তানকে নিয়ে লালমনিরহাটে গ্রামের বাড়িতেই থাকবেন। মুকুল বাড়িতেই গেলেন বটে, তবে পুড়ে অঙ্গার হয়ে।রাজধানীর মিরপুরের ‘অ্যাপকো বাংলাদেশ লিমিটেড’ নামের প্লাস্টিক কারখানার কর্মচারী ছিলেন মুকুল। গত শুক্রবার কারখানায় বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে পুড়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে তিনি একজন। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজনেরা। গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সনি সিনেমা হলের সামনে চারতলা ভবনের ওই কারখানায় আগুন লাগে। সেই আগুনে মারা যান ১৩ জন শ্রমিক। ১৩ লাশের মধ্যে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ১১টি লাশের পরিচয় শনাক্ত হয়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের কাছে ২০ হাজার টাকা দেওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ১১টি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মুকুল ছাড়া শনাক্ত হওয়া বাকিরা হলেন শবনম পারভীন ওরফে ইতি, ফাতেমা হোসেন ওরফে ইশিতা, খোকন মিয়া, তাসবীর হাবীব, রাশিয়া বেগম, মোখলেসুর রহমান ওরফে বাচ্চু, বিল্লাল হোসেন, মন্টু মিয়া, আল মাহমুদ ও অজি উল্লাহ। তাঁরা সবাই কারখানাটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী। শনাক্ত না হওয়া দুটি লাশ পুরুষের।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, কারখানার মালিকপক্ষকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গঠিত ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।
মর্গের এক কোণে আহাজারি করছিলেন সুমি আক্তার। ভেতরে ছোট বোন শবনমের দগ্ধ মরদেহ। ইডেন কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করে ওই কারখানায় প্রশাসনিক কর্মকর্তার চাকরি নেন শবনম। পরিবারের সঙ্গে মিরপুর ১ নম্বরে থাকতেন।
কাঁদতে কাঁদতে সুমি সাংবাদিকদের জানান, তিনি জানতে পেরেছেন আগুন লাগার সঙ্গে সঙ্গে শবনম ভবন থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু ভেতরে তাঁর সহকর্মী ফাতেমা হোসেন আটকে পড়ায় তিনি আবার ভেতরে ঢুকেন। কিন্তু আর ফিরে আসেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার সিঁড়ি থেকে শবনম ও ফাতেমার লাশ উদ্ধার করে। কাঁদতে কাঁদতে সুমি বলেন, ‘কিছুদিন পর শবনমের বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল।’
ফাতেমার লাশ শনাক্ত করা স্বজনদের জন্য কঠিন হয়ে পড়েছিল। শেষমেশ পায়ের নূপুর দেখে লাশ শনাক্ত করা হয়। গত শুক্রবার মিরপুরের বাসা থেকে নূপুর পড়েই কারখানায় গিয়েছিলেন ফাতেমা। কাঁদতে কাঁদতে ছোট বোন সাদিয়া সাদিকা বলেন, হিসাববিজ্ঞানে সিটি কলেজ থেকে স্নাতক ও ইডেন কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে ওই কারখানায় হিসাবরক্ষণ কর্মকর্তার চাকরি নিয়েছিলেন ফাতেমা।
দুই ভাইবোনের মধ্যে খোকন মিয়া ছিলেন বড়। গ্রামের বাড়ি মানিকগঞ্জে। মিরপুর ১ নম্বরেই থাকতেন। ওই কারখানায় হিসাব শাখায় চাকরি করতেন। মা খোদেজা বেগম ও এসএসসি পরীক্ষার্থী মুক্তা আক্তারের ভরণ-পোষণের ভার ছিল তাঁর ওপরই। বেশ কয়েক বছর আগে বাবা মারা গেছেন। মর্গে তাঁর মামা রাকিবুল বললেন, ‘এখন পুরা পরিবারটাই যেন জ্বইলা গেছে।’
চোখে এখন অন্ধকার দেখছে মোখলেসুর রহমান ওরফে বাচ্চুর পরিবারও। স্ত্রী ও দুই মেয়ে নিয়েই তাঁর সংসার। স্ত্রী-সন্তান থাকেন রাজশাহী চারঘাটায় গ্রামের বাড়িতে। তবে চলতি মাসেই স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকার এক বাসায় ওঠার কথা ছিল তাঁর। বাসাও ঠিক করা হয়েছে। মর্গে এসব কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে মোখলেসুরের ছোট ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘সব শ্যাষ হইয়া গেল।’
নোয়াখালীর সোনাইমুড়িতে অজি উল্লাহর পরিবারে চলছে শোকের মাতম। অজি উল্লাহ ওই কারখানার মালামাল সরবরাহকারী ছিলেন। মর্গে আসা তাঁর বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে মা অজুফা খাতুন ও অজি উল্লাহর স্ত্রী সুবর্ণা আক্তার পাগলপ্রায়। কাঁদছে তাঁর ছয় বছরের ছেলে শয়ন। স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।
মর্গে রাখা একটি লাশের দিকে গতকাল নির্বাক তাকিয়ে ছিলেন আহসান হাবীব। লাশটি ছেলে তাসবীর হাবীবের। ছেলের এমন নির্মম মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন তিনি। বললেন, ‘দেশে ইংরেজি মাধ্যমে লেখাপড়া শেষ করে মালয়েশিয়া থেকে বিবিএ সম্পন্ন করেছিলেন তাসবীর। দেশে ফেরার পর মাত্র চার মাস আগেই ওই কারখানায় চাকরি নেন। জানতাম না, এটাই আমার ছেলের প্রথম আর শেষ চাকরি।’