সাত দিনে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ, দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকার একেএইচ নিটিং অ্যান্ড ডাইং নামের একটি পোশাক তৈরির কারখানায় গত এক সপ্তাহে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। ইতিমধ্যে রিয়াজ (২০) ও দিদার হোসেন (২২) নামে দুই শ্রমিক মারা গেছেন।
কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কারখানার চারটি ভবনে অন্তত ছয় হাজার শ্রমিক কাজ করেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে এসব ভবনের শতাধিক শ্রমিক পর্যায়ক্রমে অসুস্থ হন। চিকিৎসার জন্য দ্রুত তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন এবং রাজফুলবাড়িয়ার আফনান হাসপাতালে ১৬ জনকে ভর্তি করা হয়। বাকিরা নিজ উদ্যোগে অন্যান্য হাসপাতালে চিকিৎসা নেন। এর আগেও কয়েকজন শ্রমিক অসুস্থ হন। তাঁদের মধ্যে দুজন মারা যান।
অসুস্থ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজ করার একপর্যায়ে তাঁরা বুক ও মাথাব্যথা অনুভব করেন। এরপরই তাঁদের অনেকে অচেতন হয়ে পড়েন।
কারখানার চিকিৎসক আমিনা বেগম জানান, গত ২৫ জানুয়ারি সকালে রিয়াজ নামে এক সুইং অপারেটর বুকে ব্যথা নিয়ে কারখানার চিকিৎসাকেন্দ্রে আসেন। প্রাথমিক চিকিৎসায় কাজ না হওয়ায় তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এরপর ২৮ জানুয়ারি সকালে নমুনা বিভাগের শ্রমিক দিদার হোসেন একই রকম সমস্যা নিয়ে কারখানার চিকিৎসাকেন্দ্রে এলে তাঁকেও এনাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তিনি মারা যান। গত শনিবার রাতের পালার কাজ শুরু হওয়ার পরপরই পাঁচ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এর কয়েক ঘণ্টা পর গতকাল সকালে অসুস্থ হন প্রায় ১০০ শ্রমিক। তাঁদেরও এনাম মেডিকেলসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এনাম মেডিকেলে চিকিৎসাধীন শ্রমিক মিঠুন হোসেন জানান, কর্মরত অবস্থায় গত শনিবার রাত আটটার দিকে তিনি বুক ও মাথাব্যথা অনুভব করে অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় একই রকম সমস্যার কথা জানালেন শ্রমিক বশির উদ্দিন, মেহেদি হাসান, ইতি আক্তার ও মঞ্জুয়ারা বেগম।
কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক রাশেদ খান জানান, সপ্তাহ খানেক আগে যে দুই শ্রমিক মারা গেছেন তাঁরা হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। গত দুই দিনে যাঁরা অসুস্থ হয়েছেন তাঁরা হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আগের ঘটনায় আতঙ্কে তাঁরা অসুস্থ হতে পারেন।
কারখানার পরিচালক এস এস এম সাদুল্লা জানান, অসুস্থ হওয়ার আগে শ্রমিকদের কোনো খাবার দেওয়া হয়নি। যা খেয়ে তাঁরা অসুস্থ হতে পারেন। তাই একসঙ্গে এত শ্রমিক অসুস্থ হওয়ার বিষয় তাঁদের কাছে স্পষ্ট নয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক ও মাদকাসক্ত রোগ বিভাগের চিকিৎসক দেওয়ান এ কে এম আবদুর রহিম জানান, রোগের লক্ষণ আর অসুস্থতার ধরন দেখে মনে হচ্ছে, এটা মানসিক সমস্যা। একজনকে অসুস্থ হতে দেখে অন্যরা অসুস্থ হয়েছেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা বলেন, ‘খবর পেয়ে আমি কারখানা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। নির্দেশনা পেলে অসুস্থ হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।’