পরিচয়পত্র নয়, সনদ দিতে চায় প্রেস কাউন্সিল
গতকাল মঙ্গলবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘সাংবাদিকদের পরিচয়পত্র দেবে প্রেস কাউন্সিল!’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, এ নিয়ে কিছুটা ভুল-বোঝাবুঝি হচ্ছে। আসলে পরিচয়পত্র নয়, সাংবাদিকদের নিবন্ধন করে সনদ দেওয়ার চিন্তাভাবনার কথা তিনি বলেছিলেন। আর এই চিন্তাভাবনা করা হচ্ছে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতেই। ঢাকার বাইরের অনেক সাংবাদিকই এই দাবি করেছেন।
ঢাকার বাইরের অনেক সাংবাদিক পরিচয়-সংকটে (আইডেনটিটি ক্রাইসিস) পড়েন বলে তাঁকে জানিয়েছেন। মূলত এটা দূর করার জন্যই এই চিন্তাভাবনা করা হচ্ছে।
গত সোমবার প্রেস কাউন্সিলে অনুষ্ঠিত এক কর্মশালায় কাউন্সিলের চেয়ারম্যানের দেওয়া বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছিল।
প্রেস কাউন্সিল সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই তারা এ ধরনের চিন্তাভাবনা করছে। এখন তারা এ বিষয়ে এগোতে চায়। এ বিষয়ে চেয়ারম্যানের চিন্তা হলো, জাতীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের ‘এ’ শ্রেণিতে, জেলা পর্যায়ের সাংবাদিকদের ‘বি’ শ্রেণিতে এবং উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের ‘সি’ শ্রেণিভুক্ত করে এই তালিকা করা যেতে পারে এবং তা ওয়েবসাইটে দেওয়া হবে।