জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ নাকচ করলেন সংসদকার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের ওয়ারেসাত হোসেনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, পরিচয়পত্রের ভুল সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষের প্রচণ্ড ভোগান্তি হচ্ছে, এ অভিযোগ সত্য নয়। আবেদনকারীদের মধ্যে যাঁদের কাগজপত্র ঠিক থাকে, তাঁরা এক দিনেই কাজ শেষ করতে পারেন। যাঁরা সংশোধনের বিষয়ে গ্রহণযোগ্য দলিলাদি জমা দিতে পারেন না, তাঁদের ক্ষেত্রে সময় লাগে। তাঁরাই ভোগান্তির অভিযোগ করেন।
প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
পরিচয়পত্র সংশোধনে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, সংশোধনীর আবেদনের বেশির ভাগই জন্মতারিখ, নিজের নাম, পিতা-মাতার নামের আমূল পরিবর্তনজনিত। তাই এ সম্পর্কে প্রামাণিক দলিলের প্রয়োজন হয়। যাঁরা এসব কাগজপত্র দিতে পারেন না, তাঁদের সিদ্ধান্ত পেতে সময় লাগে।
মন্ত্রী আরও বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ২০০৭ সাল থেকে এ পর্যন্ত মোট ৬ লাখ ১৩ হাজার ২৮৯ জন ব্যক্তি আবেদন করেছেন; যা নিবন্ধিত ভোটারের শূন্য দশমিক ৬১ শতাংশ। তাঁদের মধ্যে ২৪ হাজার ৫৩২ জন করণিক ভুল ও ৫ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন তথ্য পরিবর্তনের আবেদন করেছেন। এ পর্যন্ত ৪ লাখ ৪১ হাজার ৩৫৯টি আবেদনপত্র সংশোধন করে ভোটারদের সংশোধিত পরিচয়পত্র দেওয়া হয়েছে।
নতুন জাতীয় বেতনকাঠামোর গেজেট জারির পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ২ লাখ ৬৫ হাজার ১৪৮টি আবেদন পাওয়া গেছে বলে আনিসুল হক জানান। তিনি বলেন, এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৩৩২টি আবেদনের তথ্যাদি সংশোধন করে সরবরাহ করা হয়েছে। দ্রুত সেবা দেওয়ার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু, উপজেলা পর্যন্ত এ সেবা বিকেন্দ্রীকরণ ও অনলাইনে আবেদনের মাধ্যমে সেবা দেওয়ার নিয়ম চালু করা হয়েছে। জনগণের সুবিধার জন্য বর্তমানে নিজ নিজ এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন জমা ও সংশোধিত কার্ড দেওয়া হচ্ছে।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োজিত অদক্ষ ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতিবেদন দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।