পরিচর্যা করলে মরা গাছেও ফুল ফুটবে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিচর্যা করতে পারলে মরা গাছে আবারও ফুল ফুটবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। তাই একে বাঁচিয়ে রাখতে হবে।মরা গাছে আর ফুল ফুটবে না—আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন।সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দেখতে দুপুরে মির্জা ফখরুল রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে যান। তাঁকে দেখে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘গাছটি তো আওয়ামী লীগই রোপণ করেছিল। আবার তারা নিজের হাতে এটাকে কেটেছে। কিন্তু তত্ত্বাবধায়কব্যবস্থাটি মানুষের কাছে একটি সৃজনশীল ব্যবস্থা ছিল। এটিকে জনগণ পানি দিয়ে আবার বাঁচিয়ে তুলবে। কারণ, বাংলাদেশের মাটি অনেক উর্বর।’মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক নেতাদের পরস্পরের প্রতি আস্থার অভাবেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে সংযোজন করা হয়েছিল। এখন কী আমাদের মধ্যে আস্থা ফিরে এসেছে? তাহলে এটাকে বাতিল করবেন কেন?’জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে যোগ দেবেন কি না, এ প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি সংসদে যেতে চায়। তারা সেই সদিচ্ছার প্রমাণও দিয়েছে। কিন্তু এখন আর সংসদে যাওয়ার পরিবেশ নেই। পরিবেশ সৃষ্টি হলে আবার অধিবেশনে যোগ দেবে।নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের বক্তব্যের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বিএনপি না বুঝে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করেনি। সবকিছু পরীক্ষা করে দেখা গেছে, এই মেশিন দিয়ে ভোট কারচুপি করা সম্ভব।সানাউল্লাহ মিয়া গত বুধবার রাতে নরসিংদী যাওয়ার পথে আহত হন।