পরিচারিকার ওপর গৃহকর্তার নির্মমতা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে ফাতেমা বেগম (২৮) নামের এক গৃহপরিচারিকার ওপর নির্মম নির্যাতন করা হয়েছে। কথিত চুরির অভিযোগ এনে গত রোববার বিকেলে গৃহকর্তা রাশু হাওলাদার ফাতেমাকে রড দিয়ে পিটিয়ে ও প্লায়ার্স দিয়ে আঙ্গুলে চাপ দিয়ে জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় গতকাল মঙ্গলবার ফাতেমার খালাতো ভাই কামাল হোসেন বাদী হয়ে রায়পুর থানায় একটি অভিযোগ দেন। এতে রাশুসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। এদিকে অবস্থার অবনতি হলে গতকাল ফাতেমাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এমদাদুল হক জানান, ধারণা করা হচ্ছে, বেদম মারধরের কারণে ফাতেমার পাকস্থলীতে সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন এবং হাত ফোলা রয়েছে। এলাকাবাসী ও ফাতেমার পরিবারের সদস্যরা জানান, উপজেলার সোনাপুর ইউনিয়নের একরাম আলী বেপারি বাড়ির রাশু হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন ফাতেমা। তাঁর একটি সন্তান আছে। গত শনিবার রাশুর চার হাজার টাকা খোয়া যায়। এ জন্য তিনি ফাতেমাকে সন্দেহ করেন। ফাতেমার খালাতো ভাই কামাল হোসেন বলেন, ‘টাকা চুরির অভিযোগে নির্যাতন করা হলো। অথচ পরে ওই টাকা ঘরের মধ্যেই পাওয়া গেল।’ চিকিৎসাধীন ফাতেমা বলেন, ‘আমি গরিব, কিন্তু চোর না। বাঁচার জন্য কাজ করে খাই। প্রথমে রাশু আমাকে টাকা কই বলে বেদম পেটাতে থাকেন। একপর্যায়ে রড দিয়ে আঘাত করার পর প্লায়ার্স দিয়ে চেপে আমার হাতের আঙুল তোলার চেষ্টা করেন।’ অভিযুক্ত গৃহকর্তা রাশু হাওলাদার বলেন, ‘টাকা চুরি হওয়ায় রাগের মাথায় গৃহপরিচারিকাকে কয়েকটি হাল্কা আঘাত করি। পরে তাকে চিকিৎসা করাই। প্রয়োজনে ঢাকা নিয়ে চিকিৎসা করানো হবে।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, ‘নির্যাতিত ফাতেমাকে হাসপাতালে গিয়ে দেখেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’