পরিচালক অবরুদ্ধ, কর্মচারী নিয়োগ বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা গতকাল বুধবার বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে পরিচালকের বিরুদ্ধে মিছিল করেছেন। তাঁরা পরিচালককে দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল খালেকের নেতৃত্বে দেড় শতাধিক কর্মচারী কাজ ফেলে তাঁদের মনোনীতদের নিয়োগ দিতে পরিচালকের দপ্তরের সামনে অবস্থান নেন। পরে খালেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরের দপ্তরে ঢুকে সমিতির মনোনীত ৫১ জনের নিয়োগ দেওয়ার দাবি করেন। দাবি পূরণ না হলে তিনি বেরিয়ে এসে অবস্থানরত কর্মীদের তা জানান। এতে কর্মীরা ক্ষুব্ধ হয়ে গত ৩১ ডিসেম্বর বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে দুপুর দেড়টার দিকে পরিচালকের বিরুদ্ধে মিছিল বের করেন। তবে পরিচালকের ঘনিষ্ঠজন বলে পরিচিত চতুর্থ শ্রেণীর চার কর্মী মিছিলে বাধা দেন। ক্ষুব্ধ কর্মচারীরা মোহাম্মদ হোসেন, শামসুদ্দিন, জামালউদ্দিন এবং আবদুস সাত্তারকে পরিচালকের দালাল বলে মারধর করেন। একপর্যায়ে ক্ষুব্ধ কর্মচারীরা পরিচালকের দপ্তর ভাঙচুর করতে উদ্যত হন। এ সময় প্রথম আলোর আলোকচিত্রী হাসান রাজা ছবি তুলতে গেলে খালেকের সমর্থক বহিরাগত রমিজ, আবুল কালাম ও দিনা তাঁকে মারধর করেন। উপস্থিত সাংবাদিকেরা হাসান রাজাকে রক্ষা করেন। পরে পরিচালক পুলিশের বিশেষ ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবকেও খবর দেন। দুপুর পৌনে দুইটার দিকে পুলিশ এলে বিক্ষুব্ধ কর্মীরা পুলিশকে ধাওয়া দেন। এ নিয়ে কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে র্যাব-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধরা বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে বিকেল সোয়া চারটা পর্যন্ত পরিচালককে তাঁর কক্ষে অবরোধ করে রাখেন। তাঁরা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে পরিচালক তাঁর কক্ষ থেকে বেরিয়ে কর্মচারীদের উদ্দেশে বলেন, মন্ত্রণালয়ে আরও ৪০ জন লোক নিয়োগের অনুমোদন চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ অনুমোদন পাওয়া গেলে কর্মচারী সমিতির লোকজনকে নিয়োগ দেওয়া হবে। আর অনুমোদন না পাওয়া গেলে ৩১ ডিসেম্বরের নিয়োগ বাতিল করে দেওয়া হবে। এ ঘোষণার পর কর্মচারীরা শান্ত হন। পরে পরিচালক হাসপাতাল ছেড়ে চলে যান। এর আগে সাংবাদিকেরা পরিচালকের দপ্তরে তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি কথা বলবেন না বলে জানান। চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আবদুল খালেক সাংবাদিকদের বলেন, সমিতির ৫১ জন লোককে নিয়োগের ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন পরিচালক। কিন্তু তিনি কথা রাখেননি। তিনি হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত উপপরিচালক ফয়জুল্লাহর বাসায় বসে এ নিয়োগপত্র তৈরি করেছেন। অবৈধ এ নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা। খালেক জানান, দাবি না মানলে আজ কোনো কর্মচারী কাজে যোগ দেবেন না। নতুন নিয়োগ পাওয়াদেরও যোগ দিতে দেওয়া হবে না।