নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের পরিচালক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকরাম প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের চাষাঢ়ায় আনন্দ পরিবহনের কার্যালয় থেকে গতকাল দুপুরে আকরামকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ উঠেছে, শামীম ওসমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি
ভবন থেকে শ্রমিক ট্রেনে কাটা পড়ে নারী নিহত
নারায়ণগঞ্জ ও টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল রোববার সকালে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। একই সময় গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক নারীর মৃত্যু হয়েছে।
দেলোয়ার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাতানিয়া এলাকার সিরাজ মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজিমউদ্দিন প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাত দিয়ে জানান, ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি বাড়ির চারতলার কার্নিশে বসে কাজ করছিলেন দেলোয়ার। সকাল সাড়ে নয়টার দিকে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির এএসআই ওবায়েদুর রহমান জানান, সকাল আটটার দিকে আরিচপুরে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের চাকায় কাটা পড়ে এক নারী ঘটনাস্থলেই মারা যান। রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।