পরিচালক নির্বাচন হবে সাবেক জেলা জজের নেতৃত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার গ্রামীণ ব্যাংক (পরিচালক নির্বাচন) বিধিমালা সংশোধন করেছে। এখন গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার হবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ। আগে এ দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালকের।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, কমিশনার হবেন দুজন। একজন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো বাণিজ্যিক ব্যাংকে কর্মরত উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও অন্যজন পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান মনোনীত পিকেএসএফেই কর্মরত ডিএমডি।
এ ছাড়া গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের জন্য সরকার আরও সময় পেল। কারণ, নতুন বিধিমালা বলছে, নির্বাচন কমিশন গঠনের এক বছরের মধ্যে নির্বাচন করতে হবে। অবশ্য কমিশন কবে গঠিত হবে, তা বলা হয়নি।
এদিকে এই নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সম্পৃক্ততা আর থাকল না। এর বদলে যেকোনো তফসিলি ব্যাংককে সম্পৃক্ত করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক (পরিচালক নির্বাচন) বিধিমালা সংশোধন করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপন এক মাস আগে অর্থাৎ ৫ অক্টোবর থেকে কার্যকর বলে উল্লেখ করা হয়।
জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম গতকাল প্রথম আলোকে বলেন, প্রজ্ঞাপন জারির আগে আইন মন্ত্রণালয়ের ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) নেওয়া হয়েছে।
চলতি বছরের ৬ এপ্রিল গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের জন্য একটি বিধিমালা প্রণয়ন করে সরকার। এতে বলা হয়, বিধিমালা জারির ছয় মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালকের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনটি করে দেবে। সে হিসেবে নির্বাচন হওয়ার কথা ছিল গত ৫ অক্টোবরের মধ্যে।
কিন্তু এতে বাধ সাধে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নিতে পারবেন না বলে গত আগস্টেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে জানিয়ে দেন। এ ব্যাপারে গত আগস্টের শেষ সপ্তাহে অর্থমন্ত্রী প্রথম আলোকে এক প্রশ্নের জবাবে বলেছিলেন, বাংলাদেশ ব্যাংক বলেছে, তারা গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন করে দিতে পারবে না। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে অবশ্য কেন্দ্রীয় ব্যাংক তা পারেও না।
এর পরই বিধিমালা সংশোধনে হাত দেওয়া হয় বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে। আগে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনের কথা বলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে। আর দুই কমিশনারের দায়িত্ব পালনের কথা বলা হয়েছিল গ্রামীণ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির একজন পরিচালককে। সংশোধন করে গোটা নির্বাচন কমিশনের কাঠামোটিই পরিবর্তন করা হয়েছে।
বিধিমালা সংশোধনের পর গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের জন্য সরকার আরও সময় পেল। মূল বিধিমালা অনুযায়ী যে ৫ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল, তা এক মাস আগেই শেষ হয়েছে। সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন হবে বিধিমালার অধীন কমিশন গঠনের এক বছরের মধ্যে। কমিশন কবে গঠিত হবে, জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কেউই এ ব্যাপারে কথা বলতে চাননি।
দেশে এক ব্যাংকের পর্ষদ নির্বাচনের প্রক্রিয়ায় অন্য ব্যাংকের সম্পৃক্ততা এর আগে কখনোই দেখা যায়নি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পর্ষদ সদস্যরা নির্বাচিত হন। আর শতভাগ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে সরকারের পক্ষে পর্ষদ সদস্যদের নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়। এ রকম নির্বাচন কমিশন গঠন করে পর্ষদ গঠনের কোনো উদাহরণ নেই। ফলে, গ্রামীণ ব্যাংকের (পরিচালক নির্বাচন) বিধিমালা জারির পর থেকে এ নিয়ে সমালোচনা হয়।
সরকারের চাওয়া অনুযায়ী, গ্রামীণ ব্যাংকে পরিচালক নির্বাচন হলে প্রতিষ্ঠানটিতে রাজনীতি ঢুকে পড়ার আশঙ্কা থেকে যায় বলে মন্তব্য করেন গ্রামীণ ব্যাংকের সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহজাহান। নতুন ভারপ্রাপ্ত এমডি মো. মহিউদ্দিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
সরকারের দাবি অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ২৫ শতাংশ মালিকানা সরকারের আর বাকি ৭৫ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের।
গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য মোসাম্মৎ তাহসিনা বেগম প্রথম আলোকে বলেন, ‘এতদিন গ্রামীণ ব্যাংকের তত্ত্বাবধানেই ঋণগ্রহীতা সদস্যদের মধ্য থেকে পরিচালক নির্বাচন হয়ে আসছে। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ২০১৫ সালের মার্চ পর্যন্ত। মাঠ পর্যায়ের সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ওই সময় পর্যন্ত পর্ষদ সদস্য থাকার আইনি অধিকার আমাদের রয়েছে।’
নির্বাচন পদ্ধতি: সংশোধিত বিধিমালা অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন হবে কেন্দ্র, শাখা ও অঞ্চল-এই তিন স্তরে। প্রতি স্তরেই সরাসরি ভোট হবে এবং ভোট গ্রহণের ২০ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। অঞ্চলভিত্তিক রিটার্নিং কর্মকর্তাও থাকবেন তফসিলি ব্যাংকের একজন কর্মকর্তা। ভোট কেন্দ্র কোথায় হবে, তা নির্ধারণ করবেন তিনি। আগে তফিসিলি ব্যাংকের জায়গায় ছিল বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রপ্রধানরা ভোটের মাধ্যমে তাঁদের মধ্য থেকে একজন শাখা প্রতিনিধি নির্বাচিত করবেন। একই প্রক্রিয়ায় শাখা প্রতিনিধিদের ভোটের মাধ্যমে একজন এলাকা বা এরিয়া প্রতিনিধি নির্বাচিত হবেন। এরপর এলাকা প্রতিনিধিদের মধ্য থেকে হবেন অঞ্চল প্রতিনিধি। এভাবেই ৪০টি অঞ্চল প্রতিনিধি থেকে নয়জন পরিচালক নির্বাচিত হবেন।
সাবেক সচিব মামুন-উর-রশিদের নেতৃত্বে গঠিত গ্রামীণ ব্যাংক অনুসন্ধান কমিশনের সুপারিশে পরিচালক নির্বাচন বিধিমালা প্রণয়ন করা হয়।