পরিচালক হয়ে বিপদে
‘আমি পরিচালক হতে চাইনি। পরিচালক পদের জন্য কারও কাছে দেনদরবার করিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাকে এই পদে বসার জন্য অনুরোধ করেছেন। সরকার দায়িত্ব দিয়েছে। এখন কিছু চিকিৎসক আমাকে অপমান করে তাড়াতে চাইছেন,’ বললেন অধ্যাপক মো. আলী হোসেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক। বিশিষ্ট এই বক্ষব্যাধি চিকিৎসক জীবনের নিরাপত্তা চেয়ে ৪ জুলাই বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
আলী হোসেন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তাঁকে পদ থেকে সরাতে প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক মো. আবু রায়হানের নেতৃত্বে আট-নয়জন চিকিৎসক একজোট হয়েছেন। তাঁরা ২ জুলাই তাঁকে বের করে দিয়ে কক্ষে তালা লাগানোর চেষ্টা করেন, জীবননাশের হুমকি দেন। অনিয়মিত এসব চিকিৎসক হাসপাতালে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছেন।
২৭ জুলাই দুপুর ১২টায় মহাখালীর ওই প্রতিষ্ঠানে গিয়ে মো. আবু রায়হান ও তাঁর সহযোগী অন্য চিকিৎসকদের দেখা পাওয়া যায়নি। তাঁর কক্ষের সামনে থাকা কর্মচারী বলেন, ‘স্যার জঙ্গিবিরোধী মানববন্ধনে গেছেন।’ ২৮ জুলাই গিয়েও আবু রায়হানকে পাওয়া যায়নি। মুঠোফোনে এই প্রতিবেদককে তিনি জানান, হজ বিষয়ে তিনি প্রশিক্ষণে গেছেন। আলী হোসেনের আশপাশে বিএনপিপন্থী চিকিৎসকেরা থাকেন। আলী হোসেন এই সরকারের মতাদর্শের লোক নন। এসব কারণে চিকিৎসকেরা তাঁকে পরিচালক পদে মেনে নিতে পারছেন না।
পরিচালকের কার্যালয় থেকে জানা যায়, আবু রায়হানের হজ বিষয়ে প্রশিক্ষণে যাওয়ার কোনো কাগজপত্র দপ্তরে নেই। নাম প্রকাশে অনিচ্ছুক চারজন চিকিৎসক বলেছেন, আবু রায়হান ও তাঁর সহযোগীরা নিয়মিত রোগী দেখেন না। পরিচালকের দপ্তরে রাখা উপস্থিতির নথিতে দেখা যায়, আবু রায়হান ‘মর্নিং সেশনে’ উপস্থিত থাকেন না। মর্নিং সেশনে হাসপাতালের সমস্যা, বিশেষ করে জরুরি রোগীর চিকিৎসা নিয়ে আলোচনা হয়। তবে অনুপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করেছেন আবু রায়হান।
জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৩ সাল থেকে আলী হোসেন এই প্রতিষ্ঠানে চাকরি করছেন। ২ জুলাই তিনি পরিচালকের পদে যোগ দেন।