রেলের ময়মনসিংহ অঞ্চলে ট্রেনের পরিচালকেরা (গার্ড) গতকাল বুধবার কর্মবিরতি পালন করেছেন। এতে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়ে। ময়মনসিংহ রেলস্টেশনের ট্রেন পরিচালকদের একটি কক্ষ বেদখল হওয়ার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
জামালপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, রেলের ময়মনসিংহ অঞ্চলের ট্রেন পরিচালকদের জন্য ময়মনসিংহ রেলস্টেশনে মালপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র রাখার জন্য একটি কক্ষ আছে। গতকাল দুপুর ১২টার দিকে ওই গুদামঘরটি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা দখল করে নেন। এর প্রতিবাদে ট্রেনের পরিচালকেরা দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখেন।
ট্রেন পরিচালকদের কর্মবিরতির কারণে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী লোকাল ২৫৪ ট্রেন বেলা একটা এবং ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা ট্রেন জামালপুর স্টেশনে বেলা দুইটায় আটকে পড়ে। এতে দুটি ট্রেনের এক হাজার যাত্রী ভোগান্তি পোহায়। বেলা তিনটার দিকে পরিচালকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করলে ট্রেন চলাচল শুরু হয়।
অগ্নিবীণা ট্রেনের যাত্রী মামুনুর রশিদ বলেন, ‘নিয়ম অনুযায়ী বেলা দুইটায় ট্রেনটি জামালপুর স্টেশন থামে। কিন্তু ট্রেনটি আর ছেড়ে যাচ্ছে না। পরে শুনতে পাই, পরিচালকদের কর্মবিরতি চলার কারণে ট্রেন চলাচল করছে না। যাত্রীদের জিম্মি করে এমন কর্মবিরতি ঠিক না। ট্রেনটি ছেড়ে না যাওয়ার কারণে আমরা দুর্ভোগের মধ্যে পড়েছি। যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি পালন বন্ধ করা উচিত।’
অগ্নিবীণা ট্রেনের পরিচালক আবদুল গফুর প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে পরিচালকদের বিভিন্ন মালপত্র রাখার জন্য ময়মনসিংহ স্টেশনের একটি কক্ষ গুদামঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু গতকাল দুপুর ১২টার দিকে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা আমাদের মালপত্র ফেলে দিয়ে গুদামঘরটি দখল করে নেন। এর প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করেছি। তবে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুদামঘরটি উদ্ধারের আশ্বাস দিলে বিকেল তিনটার দিকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পরিচালকদের (গার্ড) কক্ষে বিশ্রামাগার লিখে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এ খবর পাওয়ার পর রেলওয়ের গার্ডস কাউন্সিল ময়মনসিংহের সভাপতি রুহুল কুদ্দুস ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই কর্মবিরতি শুরু হয়। এতে ময়মনসিংহ থেকে জামালপুর, নেত্রকোনা, ভৈরব ও ঢাকার পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা তিনটার দিকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ খান রেলস্টেশনে গিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতিতে ওই কক্ষে তালা মেরে দেন। তিনটার দিকে পরিচালকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ওই কক্ষটি তালাবদ্ধ থাকবে।
জামালপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. জহুরুল ইসলাম বলেন, ‘ট্রেন পরিচালকদের কর্মবিরতির কারণে আমার স্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে। আড়াই ঘণ্টা পর ট্রেনগুলো জামালপুর স্টেশন ছেড়ে যায়।’