পরিচালকদের শেয়ার বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে নিবন্ধিত প্রতিষ্ঠানের পরিচালকদের শেয়ার বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। মন্ত্রণালয়কে পুঁজিবাজারসংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আইন প্রণয়নেরও সুপারিশ করা হয়েছে।জাতীয় সংসদ ভবনে গতকাল সোমবার কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, এম এ মান্নান, গোলাম দস্তগীর গাজী ও ফরিদা রহমান অংশ নেন। অর্থসচিবসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, বর্তমানে সুনির্দিষ্ট আইন না থাকায় পরিচালকেরা ইচ্ছেমতো শেয়ার বিক্রি করেন। এতে পুঁজিবাজারের সামগ্রিক আস্থার ওপর প্রভাব পড়ে। তিনি বলেন, কোন প্রতিষ্ঠানের পরিচালকের কী পরিমাণ শেয়ার থাকা দরকার, তা ঠিক করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) পরামর্শ দেওয়া হয়েছে। এসইসিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে মন্ত্রণালয়কে পরিচালকের শেয়ার কত হবে, তা ঠিক করতে বলা হয়েছে।মুস্তফা কামাল বলেন, কমিটি এ ব্যাপারে আইন প্রণয়নের সুপারিশ করেছে। আইন না থাকায় নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে শেয়ারবাজারে।সভায় জানানো হয়, গত এক বছরের হিসাব বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিনই তালিকাভুক্ত একাধিক কোম্পানির পরিচালকেরা বিপুলসংখ্যক শেয়ার বিক্রির ঘোষণা দিচ্ছেন। যেসব কোম্পানি বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দিয়েছে, তাদের পরিচালকদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গেছে। ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত পরিচালকেরা প্রায় ছয় হাজার কোটি টাকারও বেশি শেয়ার ঘোষণার মাধ্যমে বিক্রি করেন। এর মধ্যে রয়েছে ব্যাংকিং খাতে দুই হাজার কোটি, লিজিং খাতে এক হাজার কোটি, বস্ত্র খাতে এক হাজার কোটি, প্রকৌশল খাতে ৮০০ কোটি, বিমা ও অন্যান্য খাতে ৬০০ কোটি এবং ওষুধ খাতের ১০০ কোটি টাকার শেয়ার।সভায় বিমা খাততে যুগোপযোগী এবং যেসব বিমা প্রতিষ্ঠান পুঁজিবাজারে নিবন্ধিত হয়নি, সেগুলো দ্রুত তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়। সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমা-সম্পর্কিত সব কার্যক্রম দেশেই করার সুপারিশ করা হয়। সভায় জানানো হয়, প্রাথমিক হিসাবে ২০১০ সালে জীবনবিমা কোম্পানিগুলো প্রায় ছয় হাজার কোটি টাকা ও সাধারণ বিমা কোম্পানিগুলো প্রায় এক হাজার ৪০০ কোটি টাকা প্রিমিয়াম আয় করেছে।কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, বর্তমানে লন্ডনে বিমা কার্যক্রম পরিচালনা করা বিমানকে এখন থেকে দেশেই বিমা কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।