পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯-১০ অর্থবছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ ক্রয়ে প্রায় সোয়া তিন কোটি টাকার দুর্নীতি মামলায় ওই হাসপাতালের তৎকালীন পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার দুদকের সহকারী উপপরিচালক আবু বকর সিদ্দিক রাজশাহী মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। এতে হাসপাতালের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার এম এ লতিফ, উপপরিচালক আবুল কালাম আজাদ, ওষুধ সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ফাইম মেডিকেল হলের মালিক মতিউর রহমান, ওষুধ কোম্পানি এসিআইয়ের বিক্রয় প্রতিনিধি শেখ মো. আলী, স্কয়ারের আনিছুর রহমান, জেসনের শহিদুল আলম, একমির এম এ মান্নান ও রফিকুল ইসলাম এবং রেনেটার প্রতিনিধি রবিউল হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, বিধি অমান্য করে দুর্নীতির মাধ্যমে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে ওষুধ ক্রয়ের অনুমতি দেওয়ায় পরিচালক ও উপপরিচালককে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া সর্বনিম্ন দরদাতা কোম্পানির দরের চেয়ে দ্বিগুণ দামের ভাউচার দাখিল করায় ঠিকাদার ও কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
ওষুধ কেনায় দুর্নীতি নিয়ে ২০১২ সালের ২৫ ডিসেম্বর ‘১৩০ টাকার ইঞ্জেকশন রাজশাহী মেডিকেল কেনে ৪৮০ টাকায়’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
দুদকের সহকারী উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, ওই হাসপাতালে ২০০৯-১০ অর্থবছরে ১২৫ ধরনের ওষুধ কেনা হয়। এর মধ্যে ১৫ ধরনের ওষুধ সরবরাহের জন্য সর্বোচ্চ দরদাতা ফাইম মেডিকেল হল নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। দুর্নীতির মাধ্যমে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে পাঁচটি কোম্পানির ১৫ ধরনের ওষুধ কেনা হয়। সর্বনিম্ন দরদাতাকে বাদ দেওয়ার কারণে সরকারের তিন কোটি ২৭ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার ক্ষতি হয়। এই দুর্নীতির বিষয়টি নজরে আসার পর প্রাথমিক তদন্ত শেষে ২০১২ সালের ২৪ ডিসেম্বর দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন উপপরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় প্রাথমিকভাবে আটজনকে আসামি করা হয়। এতে হাসপাতালের পরিচালকের নাম ছিল না। মামলাটির তদন্ত শেষে এ দুর্নীতির সঙ্গে পরিচালকের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এ জন্য অভিযোগপত্রে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে ফাহিম মেডিকেল হলের মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হাসপাতালের পরিচালক ও উপপরিচালক বর্তমানে রাজশাহী হাসপাতালে না থাকায় তাঁদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।