নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। তাঁকে অপসারণে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। রবীন্দ্র গোপের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ আনা হয়েছে। তবে রবীন্দ্র গোপ তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ হবে না।সোনারগাঁ সুশীলসমাজ, সোনারগাঁ পৌরসভা নাগরিক কমিটি ও আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের শত শত নেতা-কর্মী গতকাল অবস্থান কর্মসূচিতে অংশ নেন।এ সময় বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, সোনারগাঁ সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, রবীন্দ্র গোপ চুক্তির ভিত্তিতে এ প্রতিষ্ঠানে পরিচালকের পদে যোগ দেন। এর পর থেকে প্রতিষ্ঠানটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন তিনি। তাঁকে ১০ দিনের মধ্যে অপসারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।