পরিচালকের চেয়ার দখল না বেদখল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের চেয়ারে আজ সোমবার শেখ গোলাম মোস্তফা বসে গেছেন। সকাল সাড়ে সাতটার দিকে তিনি ক্যানসার ইনস্টিটিউটে আসেন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের কাছে নিজেকে ‘বৈধ পরিচালক’ বলে দাবি করেন।


নতুন পরিচালক শামিউল ইসলাম সাদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতালে যাননি। প্রথম আলোকে তিনি বলেন, ‘শেখ গোলাম মোস্তফা দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগও দিয়েছেন। এখন শেখ গোলাম মোস্তফা আর নিজেকে পরিচালক বলে দাবি করতে পারেন না।’

শেখ গোলাম মোস্তফা বলেন, আদালতের নির্দেশনা নিয়ে তিনি পরিচালকের চেয়ারে বসেছেন। তিনি নিয়মের কোনো ব্যত্যয় ঘটাননি।

প্রথম আলোর সঙ্গে আলাপে শামিউল ইসলাম বলেন, তিনি হাসপাতালে না গেলেও অধিদপ্তরের একটি বৈঠকে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। শেখ গোলাম মোস্তফা বলেন, তিনি মন্ত্রণালয়ে পরিচালক হিসেবে বৈঠকে যোগ দিয়েছেন। শামিউল স্বাস্থ্যমন্ত্রীকে সব কথা জানিয়েছেন বলে জানান।

শেখ গোলাম মোস্তফা বলেন, তিনি সচিবের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। আসলে বৈধ পরিচালক কে—তা নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা কাটেনি।

সচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, শেখ গোলাম মোস্তফা আদালতের আদেশের একটি কপি তাঁকে দিয়েছেন।

শেখ গোলাম মোস্তফা গত বছরের ১৯ মে থেকে ৩ আগস্ট পর্যন্ত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে পরিচালকের দায়িত্ব পালন করেন। গত ৩ আগস্ট তিনি শামিউল ইসলাম সাদিকে দায়িত্ব বুঝে দেন। প্যাথলজির অধ্যাপক হয়ে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের পদে সাদির যোগদান নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হয়। এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদনও ছাপা হয়।

৫ আগস্ট শেখ গোলাম মোস্তফা আদালতে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেন। তবে গতকাল রোববার পর্যন্ত শামিউল কোনো আদেশ হাতে পাননি বলে জানান।

শামিউল বলেছেন, ক্যানসার হাসপাতালে প্যাথলজির ছয়টি বিভাগ রয়েছে। প্যাথলজি বিভাগের চিকিত্সক এ হাসপাতালে পরিচালকের দায়িত্ব আগেও পালন করেছেন। জ্যেষ্ঠতায়ও তিনি শেখ গোলাম মোস্তফার চেয়ে এগিয়ে।

এ দিকে খোঁজখবর নিয়ে জানা গেছে, ক্যানসার হাসপাতালে পরিচালকের পদটি শুধু ‘রেডিয়েশন অনকোলজি’ বিশেষজ্ঞদের জন্য সংরক্ষিত করা হয় বিএনপির সরকারের আমলে।

এ নিয়ে হাসপাতালের বাকি ২১টি বিভাগের বিশেষজ্ঞদের ক্ষোভ রয়েছে। তাঁরা বলছেন, জ্যেষ্ঠতায় এগিয়ে থাকা সত্ত্বেও এই বিতর্কিত একটি শর্তের কারণে তাঁরা পরিচালকের পদ পাননি।