পরিচালকের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোতে ৩ জানুয়ারি প্রকাশিত ‘সোহরাওয়ার্দী হাসপাতালে হাট’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছেন হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া। প্রতিবাদপত্রে তিনি বলেছেন, প্রতিবেদন তৈরির সময় তিনি বিদেশে ছিলেন। তাঁর মতামত ছাড়া প্রতিবেদন প্রকাশের যৌক্তিকতা নিয়ে তিনি সন্দিহান। হাসপাতাল চত্বরে হাট বসার যৌক্তিকতা তুলে ধরে তিনি আরও বলেছেন, প্রতিবছর আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় হাসপাতালের মধ্য দিয়ে লোকজন যাতায়াত করে। কিছু হকার জনগণের যাতায়াতের পথে পণ্যের পসরা নিয়ে বসেন। প্রকাশিত সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত ও অতিরঞ্জিত।
প্রতিবেদকের বক্তব্য: বাণিজ্য মেলা শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। হাসপাতালে হাট বসছে তারও অনেক আগে থেকে। গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহের ছবি প্রথম আলোর কাছে আছে। উত্তম কুমার বড়ুয়ার অনুপস্থিতিতে পরিচালকের দায়িত্বে থাকা অধ্যাপকের বক্তব্য নেওয়া হয়েছে। প্রথম আলোর উদ্দেশ্য ছিল সেবাপ্রতিষ্ঠানে হাটের বিষয়টি কর্তৃপক্ষ ও দেশবাসীর নজরে আনা।