উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে আজ রোববার কর্মকৌশল ও পরিচালন পদ্ধতি সই হচ্ছে। এই চুক্তি বাস্তবায়িত হলে শুধু দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেরই প্রভূত উন্নতি হবে না, প্রবৃদ্ধির হারও বৃদ্ধি পাবে। বাংলাদেশের নৌসচিব শফিক আলম মেহেদী গতকাল শনিবার প্রথম আলোকে এ কথা বলেন।
চুক্তি বাস্তবায়ন ও জলপথে বাণিজ্য বৃদ্ধি বিষয়ে তিন দিনের (১৬ থেকে ১৮ নভেম্বর) দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে শফিক আলম মেহেদী গতকাল দিল্লি এসেছেন। আজ রোববার ভারতের পরিবহন ও জাহাজ চলাচলমন্ত্রী নিতীন গড়কড়ি ও বাংলাদেশের নৌসচিবের উপস্থিতিতে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) বা কর্মকৌশল পরিচালন পদ্ধতি স্বাক্ষরিত হবে। সই করবেন বাংলাদেশের জাহাজ মন্ত্রণালয়ের মহাপরিচালক ও ভারতের জাহাজ মন্ত্রকের প্রধান প্রকৌশলী।
এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের পূর্ব উপকূলের ছয়টি বন্দর থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে পণ্য পরিবহন করতে পারবে। একইভাবে বাংলাদেশের পণ্যবাহী জাহাজও ভারতের বন্দরগুলোতে সরাসরি পণ্য নিয়ে যেতে পারবে। এখন ভারতকে কলম্বো ও সিঙ্গাপুর হয়ে সমুদ্রপথে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে হয়। শফিক আলম বলেন, ‘চুক্তি বাস্তবায়িত হওয়ার ফলে এক মাসের সমুদ্রযাত্রা কমে দাঁড়াবে ৮ থেকে ১০ দিন, খরচ কমবে তিন ভাগের দুই ভাগ, পণ্যও হবে সস্তা।’
চলতি বছরের ২০ এপ্রিল দিল্লিতে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির খসড়ায় অনুস্বাক্ষর করেছিলেন শফিক আলম ও ভারতের নৌসচিব রাজীব কুমার। ৪ মে বাংলাদেশের মন্ত্রিসভা সেই খসড়া অনুমোদন করে। গত ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চূড়ান্ত চুক্তিতে সই করেন শফিক আলম মেহেদী ও ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। বাংলাদেশের নৌসচিব প্রথম আলোকে বলেন, ‘১৯৬৫ সাল পর্যন্ত সমুদ্রপথে বাণিজ্য হয়ে এসেছে। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে এই সমুদ্রপথ ব্যবহারের জন্য অনেক আলোচনা হয়েছে। অবশেষে তা কার্যকর হতে চলেছে।’
শুধু উপকূল বরাবর পণ্যবাহী জাহাজ চলাচলই নয়, সার্বিক সম্পর্ক উন্নয়নে দুই দেশের নৌসচিব সোম থেকে বুধবার পর্যন্ত আরও কয়েকটি বিষয় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। বিষয়গুলোর একটি হলো, ভারতের যেকোনো বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে যাত্রীবাহী ও পর্যটকবাহী জাহাজ চলাচল। বাংলাদেশের নৌসচিবের আশা, তিন দিনের এই আলোচনায় তাঁরা এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করতে পারবেন।
শফিক আলম মেহেদী আরও বলেন, ভারত থেকে নদীপথে বাংলাদেশে ফ্লাই অ্যাশ, ভোজ্যতেলসহ বেশ কিছু পণ্য রপ্তানি হয়। এই নদীপথের সংস্কার প্রয়োজন। এ জন্য ভারত, বাংলাদেশ ও ভুটান—তিন দেশকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘মংলা পর্যন্ত নদীপথের ড্রেজিং করতে বিপুল অর্থের প্রয়োজন। সে জন্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডা) থেকে স্বল্প সুদে ঋণ পাওয়া যাবে।’ এ বিষয়ে ভুটানের সঙ্গে বাংলাদেশ ইতিমধ্যে কথা বলেছে। নৌসচিবের আশা, তিন দিনের আলোচনা শেষে এ বিষয়ে ভারতের নীতিগত সম্মতি তাঁরা আদায় করতে পারবেন।